ফিদেলের আদর্শ আজও মুক্তির সংগ্রামের প্রেরণা

চট্টগ্রাম প্রতিনিধি: সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ের অন্যতম নেতা বিপ্লবী কমরেড ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার চট্টগ্রামে সিপিবির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ফিদেল কাস্ত্রোর জীবন, সংগ্রাম এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনে তাঁর ঐতিহাসিক ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কমরেড অশোক সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড মৃণাল চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী এবং যুবনেতা জাবেদ চৌধুরী। সভা পরিচালনা করেন জেলা কমিটির সহসাধারণ সম্পাদক নুরুচ্ছফা ভুঁইয়া।

সভা শুরুর আগে কমরেড ফিদেল কাস্ত্রোর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই সঙ্গে ১৯৭৩ সালের ১১ সেপ্টেম্বর চিলির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট সালভেদর আলেন্দেকে মার্কিন সাম্রাজ্যবাদের মদদপুষ্ট সামরিক অভ্যুত্থানের মাধ্যমে হত্যার ঘটনায় তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বক্তারা বলেন, ফিদেল কাস্ত্রো শুধু কিউবার নেতা ছিলেন না; তিনি ছিলেন নিপীড়িত মানুষের মুক্তি, জাতীয় মর্যাদা ও সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের এক অবিস্মরণীয় প্রতীক। শতবর্ষ পরও তাঁর আদর্শ বিশ্বের মুক্তিকামী মানুষের সংগ্রামে প্রেরণার উৎস হয়ে আছে।

তারা বলেন, সালভেদর আলেন্দে হত্যাকাণ্ড প্রমাণ করে যে সাম্রাজ্যবাদ গণতন্ত্র ও জনগণের স্বার্থবিরোধী শক্তিকে বারবার মদদ দিয়েছে। শোষণ, বৈষম্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তির ঐক্য আরও জোরদার করতে হবে।

সভায় বক্তারা ফিদেল কাস্ত্রো ও সালভেদর আলেন্দের আদর্শ ধারণ করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।