শ্রমিকের অধিকার উপেক্ষা করে টেকসই উন্নয়ন সম্ভব নয় -সিপিবি

শ্রমিক স্বার্থ রক্ষা দিবস উপলক্ষে  গতকাল শুক্রবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে নগরীতে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কমরেড অশোক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর ও সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী। সমাবেশ পরিচালনা করেন জেলা কমিটির সহসাধারণ সম্পাদক নুরুছাফা ভূঁইয়া।
সমাবেশ থেকে শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা, ট্রেড ইউনিয়ন অধিকার বাস্তবায়ন এবং শ্রমিকবিরোধী সব ধরনের হয়রানি বন্ধের দাবি জানানো হয়।
সমাবেশ শেষে সিনেমা প্যালেস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দরকিল্লায় গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমিক-কর্মজীবী মানুষ। অথচ শ্রমিকরা তাদের শ্রমের ন্যায্য মূল্য, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও অন্যান্য অধিকার থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়লেও সেই অনুপাতে তাদের মজুরি বাড়ছে না। ফলে শ্রমিক ও নিম্নআয়ের মানুষের জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে পড়ছে।
তারা বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার বাস্তবায়ন করা রাষ্ট্রের দায়িত্ব। শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনকে দমন বা ভয়ভীতি দেখিয়ে থামিয়ে রাখা যাবে না। শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
বক্তারা আরও বলেন, শ্রমিকদের স্বার্থ উপেক্ষা করে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন টেকসই হতে পারে না। শিল্পকারখানায় শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে বন্ধ কারখানা চালু, শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।