মক্কা লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলার দাবি সৌদির, নিন্দা বাংলাদেশের
পবিত্র মক্কা নগরী লক্ষ্য করে ইয়েমেনের হুতিরা ড্রোন ছুড়েছে বলে দাবি করেছে সৌদি আরব। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানান, মঙ্গলবার সন্ধ্যায় ছোড়া ড্রোনটি মক্কার দক্ষিণে আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়।
সৌদি আরব এ ঘটনাকে গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছে, মক্কা ও দুই পবিত্র মসজিদের নিরাপত্তা তাদের জন্য ‘লাল রেখা’। ভবিষ্যতে এ ধরনের হামলার চেষ্টা হলে হুতিদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে দ্বিধা করা হবে না বলেও জানানো হয়েছে।
তবে মক্কাকে লক্ষ্য করে ড্রোন ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে হুতিরা। গোষ্ঠীটির পক্ষ থেকে সৌদি দাবিকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে অভিহিত করা হয়েছে। একই সময়ে হুতিরা সৌদি আরবের বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলার দাবি করেছে।
এদিকে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বাহিনী ও হুতিদের মধ্যে সংঘাত নতুন করে তীব্র হয়েছে। হুতিদের সাম্প্রতিক অগ্রগতিতে লোহিত সাগরের কৌশলগত এলাকা ও বাব আল-মানদেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ বাড়ার দাবি করা হয়েছে। এতে আঞ্চলিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগও বেড়েছে।
মক্কাকে লক্ষ্য করে হামলার সৌদি দাবির পর বাংলাদেশসহ বিভিন্ন দেশ ও মুসলিম সংগঠন নিন্দা জানিয়েছে। বাংলাদেশ সৌদি আরবের পবিত্র স্থানগুলোর নিরাপত্তার প্রতি সংহতি জানিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।