চলমান সংবাদ

কমরেড মোহাম্মদ ফরহাদ স্মরণে সিপিবির সভা

-ফরহাদের দেখানো পথে দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে

মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজতন্ত্রের সংগ্রামের অন্যতম স্থপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের সাবেক সদস্য কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে স্মরণসভা হয়েছে। সভায় সিপিবি নেতারা বলেন, মুক্তমানবের মুক্ত সমাজ প্রতিষ্ঠা করে মোহাম্মদ ফরহাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
গতকাল সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যায় নগরীর হাজারী লেইনের দলীয় কার্যালয়ে জেলা সিপিবি এ স্মরণসভার আয়োজন করে। মোহাম্মদ ফরহাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে স্মরণসভা শুরু হয়।
সভায় সিপিবি নেতারা বলেন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী লড়াইয়ে প্রথম সারির নেতৃত্বের ভূমিকা পালন করেছেন কমরেড মোহাম্মদ ফরহাদ। ৩৫ বছরের ঘটনাবহুল রাজনৈতিক জীবনে তিনি পাকিস্তানের দুঃশাসন এবং স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ সংগঠকের ভূমিকা পালন করেন। ১৯৬২ সাল থেকে প্রায় এক বছর হুলিয়া মাথায় নিয়ে গোপনে ছাত্র গণআন্দোলন সংগঠন ও শ্রমিক শ্রেণীর পার্টির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধে কমিউনিস্ট পার্টি-ন্যাপ-ছাত্র ইউনিয়নের সমন্বয়ে গঠিত বিশেষ গেরিলা বাহিনীর প্রধান সংগঠক ছিলেন তিনি।
তারা আরও বলেন, নিজের কর্মক্ষমতা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতার কারণে কমরেড ফরহাদ একজন জাতীয় নেতায় পরিণত হন। এদেশে মুক্তমানবের মুক্ত সমাজ প্রতিষ্ঠা করে কমরেড ফরহাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তার দেখানো পথে চলমান দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন জোরদার করে গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠা ও ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করতে হবে। এজন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও জনগণের ঐক্য সংগ্রাম গড়ে তুলতে হবে। বিদেশি শক্তির ওপর নির্ভর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না ।
জেলা সিপিবির সভাপতি অশোক সাহা’র সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় সদস্য মৃণাল চৌধুরী, জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সহ সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, সম্পাদকমণ্ডলীর সদস্য ফরিদুল আলম, সদস্য রেখা চৌধুরী ও জামাল উদ্দিন। সভায় মোহাম্মদ ফরহাদের জীবনী পাঠ করেন ছাত্রনেতা অয়ন সেনগুপ্ত।
# ১০/১০/২০২৩, চট্টগ্রাম