শীর্ষ খবর:
চলমান সংবাদ

জাহাজভাঙা শ্রমিকদের নিম্নতম মজুরির চূড়ান্ত গেজেট প্রকাশ, নিয়োগপত্র-পরিচয়পত্র, সকল সবেতন ছুটি এবং পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সমাবেশ ও মানববন্ধন


জাহাজভাঙা শিল্পের শ্রমিকদের জন্য ঘোষিত নিম্নতম মজুরির চূড়ান্ত গ্যাজেট অবিলম্বে প্রকাশ, সকল শ্রমিককে নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, আইনানুগ সকল সবেতন ছুটি নিশ্চিতকরণ এবং কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আজ ২৩ জুন ২০২৬ তারিখে চট্টগ্রামের সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের উদ্যোগে এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ -বিলস এর সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে জাহাজভাঙা শিল্পের বিভিন্ন ইয়ার্ডের শ্রমিক, ট্রেড ইউনিয়ন নেতা এবং শ্রম অধিকারকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের সদস্য ও জাহাজভাঙা শিল্পের ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক পক্ষের প্রতিনিধি মোঃ আলি এবং সঞ্চালনা করেন জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের সদস্য সচিব ফজলুল কবির মিন্টু.

অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জাতীয়াতাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন , বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কে এম শহিদুল্লাহ, বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির সাধারন সম্পাদক আবু আহমেদ, বাংলাদেশ মেটাল শ্রমিক ফেডারেশন (বিএমএসএফ)-এর যুগ্ম সম্পাদক মোঃ ইদ্রিস এবং জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মানিক মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা জাহাজভাঙা শিল্পের শ্রমিকরা এখনও ন্যায্য মজুরি, কর্মসংস্থানের নিশ্চয়তা এবং নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত। গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখে জাহাজভাঙা শ্রমিকদের জন্য নিম্নতম মজুরির খসড়া গেজেট প্রকাশিত হলেও এখনও চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়নি। এতে শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং তারা ঘোষিত মজুরি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
নেতৃবৃন্দ আরও বলেন, অধিকাংশ শ্রমিককে নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান করা হয় না, ফলে তারা শ্রম আইন অনুযায়ী বিভিন্ন অধিকার ও সুবিধা থেকে বঞ্চিত হন। এছাড়া আইনানুগ সাপ্তাহিক ছুটি, উৎসব ছুটি, নৈমিত্তিক ছুটি ও অন্যান্য সবেতন ছুটির যথাযথ বাস্তবায়নও নিশ্চিত করা হচ্ছে না। কর্মক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, প্রশিক্ষণ এবং ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর অভাবে শ্রমিকরা প্রতিনিয়ত দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকির মধ্যে কাজ করতে বাধ্য হচ্ছেন।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে জাহাজভাঙা শ্রমিকদের নিম্নতম মজুরির চূড়ান্ত গেজেট প্রকাশ, সকল শ্রমিককে নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, আইনানুগ সকল সবেতন ছুটি বাস্তবায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। অন্যথায় শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।

পড়ুন:  জাহাজভাঙা শিল্প শ্রমিকদের জন্য ৩৬,০০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের জোরালো দাবি