চলমান সংবাদ

কাঁটাবনে ১৪ তলা ভবনে ভয়াবহ আগুন: দগ্ধ দুই যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাঁটাবনে একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলার দুটি ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় শুক্রবার দিবাগত রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুই যুবকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন মো. জনি (২৫) ও মো. আব্দুস সালাম (১৯)।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুন লাগার পর ভবনের ভেতর থেকে দগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আব্দুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং রাত ৩টা ৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের ভেতরে বর্তমানে আর কেউ আটকে নেই এবং নতুন করে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।