চট্টগ্রামে ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, গর্ভের সন্তানও মারা গেছে
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অর্পিতা দাশ (৩৫) নামে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। একই সঙ্গে তার গর্ভে থাকা সন্তানও মারা গেছে।
অর্পিতা দাশ চট্টগ্রাম কাস্টমসের কর্মী মিঠুন চৌধুরীর স্ত্রী। আগামী ১২ অক্টোবর তাদের প্রথম সন্তান পৃথিবীর আলো দেখার সম্ভাব্য তারিখ ছিল।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মাসের প্রথম সপ্তাহে অর্পিতার জ্বর দেখা দেয়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর গত ৬ সেপ্টেম্বর তার ডেঙ্গু শনাক্ত হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
চিকিৎসকেরা জানান, অর্পিতা ডেঙ্গু এক্সপ্যান্ডেড সিন্ড্রোমে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই সময়ে তার গর্ভে থাকা ৩৫ সপ্তাহের সন্তানও মারা যায়।
অর্পিতার মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনাগত সন্তানকে ঘিরে পরিবারের যে প্রত্যাশা ছিল, মায়ের সঙ্গে তারও মৃত্যুতে সেই আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে।