চলমান সংবাদ

জাহাজভাঙা শ্রমিকদের নিম্নতম মজুরির চূড়ান্ত গেজেট প্রকাশসহ চার দফা দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবে মানববন্ধন

জাহাজভাঙা শিল্পের শ্রমিকদের জন্য ঘোষিত নিম্নতম মজুরির চূড়ান্ত গেজেট অবিলম্বে প্রকাশ, সকল শ্রমিককে নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, আইনানুগ সকল সবেতন ছুটি বাস্তবায়ন এবং কর্মক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের উদ্যোগে এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে জাহাজভাঙা শিল্পের বিভিন্ন ইয়ার্ডের শ্রমিক, ট্রেড ইউনিয়ন নেতা ও শ্রম অধিকারকর্মীরা অংশ নেন। এর আগে গত ২৩ জুন ২০২৬ সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় একই দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল।

সমাবেশে সভাপতিত্ব করেন জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক তপন দত্ত এবং সঞ্চালনা করেন জাহাজভাঙা শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক তথ্য কেন্দ্রের সমন্বয়ক ফজলুল কবির মিন্টু। এতে বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এ এম নাজিম উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস  চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক রিজওয়ানুর রহমান খান, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সাধারন সম্পাদক নুরুল আবসার,  জাহাজভাঙা শিল্পের ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক পক্ষের প্রতিনিধি মো. আলী, বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবু আহমেদ মিয়া, বাংলাদেশ মেটাল শ্রমিক ফেডারেশনের (বিএমএসএফ) যুগ্ম সম্পাদক মো. ইদ্রিস এবং জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মানিক মণ্ডল

সভাপতির বক্তব্যে তপন দত্ত বলেন, “দেশের অর্থনীতিতে জাহাজভাঙা শিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ এই শিল্পের শ্রমিকরা এখনও ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত। গত ৭ জানুয়ারি ২০২৬ নিম্নতম মজুরির খসড়া গেজেট প্রকাশ হলেও আজ পর্যন্ত চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়ায় শ্রমিকরা তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে চূড়ান্ত গেজেট প্রকাশ করে কার্যকর করতে হবে।”

পড়ুন:  জাহাজভাঙা শিল্পে ন্যায়সঙ্গত রূপান্তরের প্রশ্ন

তিনি আরও বলেন, “শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না করে এই শিল্পের টেকসই উন্নয়ন সম্ভব নয়। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কর্মক্ষেত্রে নিরাপত্তা, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম নিশ্চিত করতে হবে।”

জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এ এম নাজিম উদ্দিন বলেন, “জাহাজভাঙা শিল্পের অধিকাংশ শ্রমিক এখনও নিয়োগপত্র ও পরিচয়পত্র পান না। ফলে তারা শ্রম আইন অনুযায়ী প্রাপ্য অধিকার, ক্ষতিপূরণ এবং সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত হন। শ্রম আইন বাস্তবায়নে সরকার ও মালিকপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি বলেন, “সাপ্তাহিক ছুটি, উৎসব ছুটি, নৈমিত্তিক ছুটিসহ আইনানুগ সবেতন ছুটি বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কোনো ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না।”

অন্যান্য বক্তারা বলেন, জাহাজভাঙা শিল্পে এখনও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, প্রশিক্ষণ এবং ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর অভাব রয়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি নিয়ে শ্রমিকদের কাজ করতে হচ্ছে। শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে হলে অবিলম্বে নিম্নতম মজুরির চূড়ান্ত গেজেট প্রকাশ, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, আইনানুগ সকল সবেতন ছুটি বাস্তবায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সমাবেশ থেকে বক্তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় জাহাজভাঙা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।