যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ইতিবাচক বার্তা পাচ্ছে ইরান, হরমুজ নিয়ে চুক্তির আভাস
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী করিম ঘারিবাবাদি জানিয়েছেন, যুদ্ধ বন্ধ ও আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক বার্তা পাচ্ছে তেহরান।
ঘারিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে হলে প্রথমে ওমানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার বিষয়টি নিষ্পত্তি করতে হবে। পাশাপাশি হরমুজ প্রণালিতে নতুন সীমানা নির্ধারণ এবং একটি চুক্তিতে পৌঁছানো প্রয়োজন।
গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে বলে তিনি মনে করেন। হরমুজ প্রণালি নিয়ে একটি চুক্তিও সন্নিকটে বলে দাবি করেন তিনি।
তবে একই সময়ে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগের কথাও উঠে এসেছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘপাল্লার অত্যন্ত নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুতের বড় অংশ পাঁচ মাসের যুদ্ধে ব্যবহার করেছে মার্কিন সেনাবাহিনী। ট্রাম্প অবশ্য দাবি করেছেন, কিছু শক্তিশালী অস্ত্রের পর্যাপ্ত মজুত রয়েছে, যদিও কিছু নির্দিষ্ট অস্ত্রের মজুত তুলনামূলক কম।
এদিকে হরমুজ প্রণালির পরিস্থিতি এখনো অনিশ্চিত। ইরানের কেশম দ্বীপের আশপাশে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘শত্রুভাবাপন্ন লক্ষ্যবস্তু’র বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এসব বিস্ফোরণ ঘটেছে।
হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ জোরদারে ইরানের পার্লামেন্টে একটি খসড়া আইন নিয়েও আলোচনা শুরু হয়েছে। প্রস্তাবিত আইনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শত্রুভাবাপন্ন দেশগুলোর নৌযান চলাচলে নিষেধাজ্ঞা এবং তা অমান্যকারীদের জরিমানার বিধান রাখার কথা বলা হয়েছে।
অন্যদিকে ইরান ও ওমান হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে একটি সাময়িক চুক্তির খসড়া চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে বলে জানা গেছে। এর মধ্যেই ইরানের কিরমান প্রদেশে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়।

