শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন, দিল্লি হাইকমিশনে ম্যাট্রিক্স চেম্বার্সের ই-মেইল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। তবে ওই ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা আইনজীবীদের তাঁর পক্ষে কাজ করার ক্ষমতাসংক্রান্ত কোনো প্রমাণপত্র সংযুক্ত ছিল না।

সোমবার সকালে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন ই-মেইলটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। পরে এ বিষয়ে পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রও এ ধরনের ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে পাঠানো ই-মেইলে একজন আইনজীবী নিজেকে শেখ হাসিনার আইনজীবী পরিচয় দিয়ে তাঁর পক্ষে যোগাযোগের কথা উল্লেখ করেছেন। ই-মেইলে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় তাঁর জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

তবে ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্রের মতে, ই-মেইলটি শেখ হাসিনার পক্ষ থেকেই পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ এতে নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা অথরাইজেশনসংক্রান্ত কোনো নথি দেওয়া হয়নি। সাধারণত কোনো ব্যক্তির পক্ষে আইনজীবী বা প্রতিষ্ঠান আবেদন করলে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমোদনপত্র থাকা প্রয়োজন।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স এর আগে তাদের হাতে আসা একটি চিঠির বরাত দিয়ে জানিয়েছিল, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এই প্রথম তিনি এ ধরনের আবেদন করেছেন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ভারতে অবস্থানরত শেখ হাসিনার এই উদ্যোগকে তাঁর বাংলাদেশে ফেরার পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বর মাসে তাঁর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলেও সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, বিষয়টি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফ করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।