চলমান সংবাদ

ভারতের অনুমোদন নেই হাসিনার বক্তব্যে: রণধীর জয়সোয়াল

নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে ভারত সরকার অনুমোদন বা সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

শুক্রবার দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা যে অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন, সেটি একটি বেসরকারি মিডিয়া সংস্থার উদ্যোগে আয়োজিত হয়েছিল এবং এতে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। ওই মঞ্চ থেকে যা কিছু বলা হয়েছে, ভারত সরকার তার কোনো কিছুই অনুমোদন বা সমর্থন করে না।

জয়সোয়াল আরও বলেন, বিশেষ করে বাংলাদেশের ‘বৈধভাবে গঠিত সরকারের’ বিরুদ্ধে ওই মঞ্চ থেকে যা বলা হয়েছে, ভারত সরকার তা অনুমোদন করে না।

এর আগে দিল্লির ফরেন করেসপনডেন্টস ক্লাব (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত অনুষ্ঠানে গত বুধবার অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন শেখ হাসিনা। বাংলাদেশের পক্ষ থেকে ওই আয়োজন নিয়ে আগেই ভারতের কাছে আপত্তি জানানো হয়েছিল। তবে অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে তখন জানিয়েছিল নয়াদিল্লি।

অনুষ্ঠানে শেখ হাসিনা ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। বাংলাদেশ দ্রুত ‘আরেকটি পাকিস্তান’ হতে চলেছে—এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকেরা ভারতের অবস্থান জানতে চাইলে জয়সোয়াল সরাসরি কোনো মন্তব্য করেননি।

তিনি বলেন, প্রতিবেশী দেশের যেকোনো ঘটনা বা গতিবিধির ওপর ভারত সবসময় তীক্ষ্ণ নজর রাখে এবং রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেয়। পরিস্থিতি অনুযায়ী ভারত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই অনুষ্ঠান নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেছিল, নয়াদিল্লিতে শেখ হাসিনাকে সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশ ক্ষুব্ধ। এ ঘটনাকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি গুরুতর অপমান বলেও উল্লেখ করা হয়।