চট্টগ্রামে প্রথমবার পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বিএনপির সাংগঠনিক সভায় তারেক রহমান
বিএনপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে সাধারণত ঢাকায় অনুষ্ঠিত সাংগঠনিক সভায় জেলা ও মহানগরের ‘সুপার ফাইভ’ নেতারা অংশ নেওয়ার সুযোগ পেলেও এবার সেই চর্চায় ব্যতিক্রম ঘটছে। প্রথমবারের মতো চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক সভায় বসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর র্যাডিসন ব্লুতে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় তিন সাংগঠনিক ইউনিটের পূর্ণাঙ্গ কমিটির পাশাপাশি ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও অংশ নেবেন। উত্তর জেলা বিএনপির সাংগঠনিক কমিটি না থাকায় সংশ্লিষ্ট উপজেলা ও পৌরসভার সিনিয়র নেতারা সভায় থাকবেন।
বিএনপি নেতারা বলছেন, এই সভার মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীরা সরাসরি দলের চেয়ারম্যানের কাছে নিজেদের মতামত, পরামর্শ এবং স্থানীয় রাজনীতির বাস্তব চিত্র তুলে ধরার সুযোগ পাবেন। এতে দলের তৃণমূলের নেতাকর্মীরা আরও সক্রিয় ও উজ্জীবিত হবেন বলে আশা করছেন তারা।
বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম জানান, র্যাডিসন ব্লুর সভায় ছয় শতাধিক নেতাকর্মী অংশ নেবেন। এর মধ্যে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির সদস্য, মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং উত্তর জেলার উপজেলা পর্যায়ের সিনিয়র নেতারা থাকবেন। পাশাপাশি তিন সাংগঠনিক ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরাও অংশ নেবেন।
রোববার সকালে চট্টগ্রাম সফরে এসে প্রধানমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন। পরে হেলিকপ্টারে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর হাটহাজারী মাদ্রাসায় গিয়ে মরহুম আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনাইদ বাবুনগরীর কবর জিয়ারত করবেন। বিকেলে হাটহাজারী কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দিয়ে সন্ধ্যায় র্যাডিসন ব্লুতে সাংগঠনিক সভায় অংশ নেবেন।
নেতাকর্মীদের মধ্যে এরই মধ্যে এ সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিএনপি নেতাদের মতে, দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামে তারেক রহমানের এটি হবে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ সাংগঠনিক সভা।

