আড়িয়াল খাঁ নদে ডুবে তিন শিশুর মৃত্যু

নরসিংদীর বেলাব উপজেলার আড়িয়াল খাঁ নদে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বীরকান্দা গ্রামের আড়িয়াল খাঁ নদ থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল দুপুরের দিকে বৃষ্টির মধ্যে খেলতে বেরিয়ে নিখোঁজ হয় ওই তিন শিশু।
এই তিন শিশু হলো বীরকান্দা গ্রামের কাউছার মিয়ার মেয়ে শিপা আক্তার (১০), কাশেম মিয়ার মেয়ে ঝুমা আক্তার (৯) ও মৃত ফারুক মিয়ার মেয়ে হালিমা আক্তার (৯)। পাশাপাশি বাড়ির বাসিন্দা ওই তিন শিশু সব সময় একসঙ্গে খেলাধুলা করত। এর মধ্যে শিপা স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে এবং ঝুমা ও হালিমা একই বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত।
আড়িয়াল খাঁ নদের যে অংশে এ দুর্ঘটনা ঘটেছে, তিন শিশুর বাড়ি থেকে এর দূরত্ব প্রায় আধা কিলোমিটার। ওই তিন শিশু দুপুরের বৃষ্টির মধ্যে নদের ওই অংশে গোসল করতে গিয়েছিল।
# ১০/১০/২০২২, নরসিংদী #
