চলমান সংবাদ

কোকেন পাচারে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে আন্তর্জাতিক চক্র

আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্রগুলো কোকেন পাচারের জন্য বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে বলে জানিয়েছে জাতিসংঘের অধীন সংস্থা ইন্টারন্যাশনাল নারকোটিক্স কন্ট্রোল বোর্ড (আইএনসিবি)। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আমেরিকায় কোকেন উৎপাদন রেকর্ড পরিমাণে বেড়ে যাওয়ায় পাচারকারীরা নতুন রুট হিসেবে দক্ষিণ এশিয়াকে বেছে নিচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনেও একই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, আফ্রিকার বিভিন্ন দেশ হয়ে আকাশপথে বাংলাদেশে কোকেন আনা হচ্ছে এবং এখান থেকে ভারতসহ দক্ষিণ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে পাচার করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, গত চার বছরে দেশে অন্তত ১০টি কোকেনের চালান জব্দ করা হয়েছে। ২০২৫ সালে ১৪ দশমিক ৬৫১ কেজি কোকেন উদ্ধার করা হয় এবং পরীক্ষাগারে পাঠানো সাতটি নমুনাতেই কোকেনের অস্তিত্ব নিশ্চিত হয়েছে।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, কোকেনের পাশাপাশি ইয়াবা ও অন্যান্য অপ্রচলিত মাদকও সীমান্ত ও আকাশপথে দেশে প্রবেশ করছে। আন্তর্জাতিক মাদক পাচার প্রতিরোধে বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় এবং প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।