বিজন ভাবনা (৭০): শান্তির জন্য যুদ্ধ নাকি যুদ্ধের জন্য শান্তি -বিজন সাহা
![]()
কিছু দিন আগে আলিওশকা ছিল বিশ্ব সংবাদের শিরোনামে। আলিওশকা ইউক্রেনের হেরসন প্রদেশের রাজধানী হেরসনের এক উপশহর। ২০২২ সাল থেকে আলিওশকা রাশিয়ার দখলে চলে আসে। তবে ২০২৩ সালে কিয়েভ কাখভ হাইড্রোইলেক্ট্রিক সেন্টার ধ্বংস করার পরে শহরের কিছু অংশ জলে ডুবে যায়। পরবর্তীতে আলিওশকা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ ক্ষেত্রে পরিণত হয়। আলিওশকা এক প্রাচীন জনপদ। কিয়েভ রুশের সময় থেকে এই শহরের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। এর প্রথম উল্লেখ পাওয়া যায় ১০৮৪ সালের দিনপঞ্জিতে। সোভিয়েত আমলে বলশেভিক ৎসুরুপির নামানুসারে এই শহরের নাম রাখা হয় ৎসুরপিনস্ক। ২০১৬ সালে শহর তার ঐতিহাসিক নাম ফিরে পায়। ধারণা করা যায় এটা কিয়েভের সোভিয়েত-বিমুক্তি পরিকল্পনার অংশ বিশেষ। সে যাই হোক, কিছুদিন আগে আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উদ্যোগে যুদ্ধক্ষেত্রে আটকে পড়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নেবার জন্য যুদ্ধ বিরতি পালন করা হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই এত সাজ সাজ রব। সেই অপারেশন ইতিমধ্যে শেষ হয়েছে। কয়েক হাজার লোক আলিওশকা ত্যাগ করে রাশিয়া বা ইউক্রেনে চলে গেছে। এর আগে রুশ সেনারা জীবনের ঝুঁকি নিয়ে চলাচলের রাস্তা মাইন মুক্ত করেছে। এছাড়া যারা শহর ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছে, উভয় পক্ষ রাজী হয়েছে মাঝে মঝে তাদের জন্য খাদ্য, বস্ত্র, ওষুধ এসব সরবরাহের জন্য করিডোর দেবে। বেশিরভাগ মানুষ প্রথমে ক্রিমিয়ায় চলে যায়। যারা ইউক্রেনে ফেরার ইচ্ছা ব্যক্ত করে তাদের সেখান থেকে বিমানে করে বেলারুশ পাঠানো হয় পরবর্তীতে ইউক্রেনকে প্রেরণের জন্য। এখানে দুই দেশের মানবাধিকার সংস্থা বেশ সমঝোতার মাধ্যমে কাজ করেছে বলে জানা যায়।
আলিওশকা ছিল শুরু। এরপর শুরু হয়েছে দুই দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনার কাজ। আমেরিকার মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন আবার আলোচনায় বসেছে আরব আমিরাতের আবুধাবিতে। শেষ পর্যন্ত চুক্তি হবে কি হবে না সেটা ভবিষ্যৎ বলবে, তবে আলোচনা সবসময়ই সমস্যা সমাধানে সাহায্য করে। এমনকি যদি যুদ্ধের ময়দানেও জয় পরাজয় নির্ধারণ করতে হয় তবুও শেষ পর্যন্ত দুই পক্ষকেই কোন এক চুক্তি স্বাক্ষর করতে হয়। তাই কোন না কোন পর্যায়ে আলোচনা অবশ্যম্ভাবী, শুধু মাঠের পরিস্থিতির উপর নির্ভর করে চুক্তির শর্ত। তবে সে কাজটি খুব একটা সহজ হবে না। কারণ রাশিয়া বা ইউক্রেন কোন অবস্থাতেই কোন ছাড় দিতে রাজি নয়। স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসে কি চায় রাশিয়া? ইউক্রেনের আরো ভূমি? নাকি অন্য কিছু? সেটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে ২০২১ সালের শেষ দিকে। সেই সময় রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে একটি চিঠি পাঠায়। শুধু তাই নয় সেই চিঠি এক পর্যায়ে প্রকাশ করে। সেই অর্থে সেটা ছিল খোলা চিঠি। কী ছিল তাতে?
সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই রাশিয়া যখন পশ্চিমা বিশ্ব তথা আমেরিকার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, সে চেয়েছিল তাদের একজন হতে এবং অস্ত্র দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে নিজেদের ও অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতে। সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে যখন স্নায়ু যুদ্ধের অবসান ঘটে তখন ন্যাটোর প্রয়োজনীয়তা সে বুঝতে পারে না। তারপরেও সে এটা মেনে নেয় এই বিশ্বাসে যে ন্যাটো আর প্রসারিত হবে না। কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই তার সেই ভ্রম ভাঙ্গে। নিজেদের দেয়া মৌখিক প্রতিশ্রুতি ভঙ্গ করে ন্যাটো ধীরে ধীরে রাশিয়ার সীমান্তে চলে আসে। রাশিয়া বরাবরই তার প্রতিবাদ জানিয়েছে। কিন্তু গরীব আর গরীব যদি দুর্বল হয় তাহলে তার কথা কে শোনে? তাই রাশিয়া মনে না নিলেও মেনে নিয়েছে, বিভিন্ন ভাবে চেষ্টা করেছে পশ্চিমা বিশ্বের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলতে। ২০০১ সালে এম্পায়ার স্টেট বিল্ডিঙে সন্ত্রাসী আক্রমণ হলে রাশিয়া প্রথম শুধু সমবেদনাই জানায় না, সব রকম সাহায্য করার কথা বলে। পরবর্তীতে আমেরিকা আফগানিস্তান আক্রমণ করলে রাশিয়া তার আকাশ সীমা খুলে দেয়, মধ্য এশিয়ায় সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোয় মার্কিন ও ন্যাটোর সামরিক ঘাঁটি স্থাপনে সম্মতি দেয়। তবে আমেরিকা ধীরে ধীরে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি থেকে বেরিয়ে যেতে শুরু করলে ভ্লাদিমির পুতিন প্রথমে মিউনিখ কনফারেন্সে পশ্চিমা বিশ্বের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন। কিন্তু তখন তারা রাশিয়াকে পেট্রল পাম্প হিসেবেই গণ্য করত। পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে ২০০৮ সালের ৮ আগস্ট পুতিন চীন অলিম্পিকে যোগদান করলে জর্জিয়া দক্ষিণ অসেটিয়া আক্রমণ করে রুশ শান্তি বাহিনীর অনেককে হত্যা করলে। রাশিয়া তখন শুধু এর দাঁতভাঙ্গা জবাবই দেয় না, বুঝতে পারে নিজের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে না সাজালে ভবিষ্যতে বড় ধরণের বিপদে পড়তে হবে। এরপর আসে ২০১৪। সেখানে পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে ব্যবহার করে। ইউক্রেনকে ইউরোপিয়ান ইউনিয়নের মূলা দেখিয়ে ইউরেশিয়া কমিউনিটির সাথে তার সম্পর্ক প্রশ্নের সম্মুখীন করে। ইউক্রেনের বাণিজ্যের সিংহভাগ হত রাশিয়ার সাথে। সোভিয়েত আমলে কলকারখানা এমন ভাবে তৈরি করা হয়েছিল যে প্রতিটি প্রজাতন্ত্র একে অন্যের উপর নির্ভরশীল ছিল। ইউক্রেন ব্যতিক্রম ছিল না। এছাড়া ইউক্রেনের দক্ষিণ-পূর্ব অংশ যা লেনিন ইউক্রেনকে দান করেন এই অঞ্চলের রুশ নাগরিকদের মতামতের তোয়াক্কা না করে সেখানেও ভাষা প্রশ্নে অসন্তোষ ছিল যেমন আমাদের ছিল পাকিস্তান আমলে। এছাড়া ব্ল্যাক সীর ফ্লিট বিশেষ করে ক্রিমিয়া, যার জন্য রাশিয়া প্রচুর রক্ত ঝরিয়েছে এবং যেখানকার নাগরিকরা কখনই ক্রিমিয়াকে ইউক্রেনের অন্তর্ভুক্ত করার খ্রুশেভের সিদ্ধান্ত মেনে নিতে পারেনি, সব সময়ই রাশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ছিল। ফলে ২০১৪ সালে উগ্র জাতীয়তাবাদীরা কিয়েভে ক্ষমতা দখল করলে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়। সেই সময় দনবাসের পাশাপাশি খারকভ, ওদেসা এসব এলাকায় বিদ্রোহ ছড়িয়ে পড়ে। ওদেসায় বিদ্রোহীদের পুড়িয়ে হত্যা করা হয়। তারপরেও রাশিয়া চেষ্টা করে দনবাসকে ইউক্রেনের কাঠামোয় রাখতে, তবে ফেডেরাল ব্যবস্থায়। হয় মিনস্ক চুক্তি। কিন্তু পশ্চিমা বিশ্ব সেই চুক্তি ব্যবহার করে ইউক্রেনকে অস্ত্র সজ্জিত করার জন্য। রাশিয়াও এই সময় ধীরে ধীরে নিজের সামরিক বাহিনীর আধুনিকায়নে মনোযোগ দেয়। আগে রাশিয়া পারমাণবিক অস্ত্র কমিয়ে আনার পক্ষে মত দিলেও এখন সে বুঝতে পারে যে একমাত্র পারমাণবিক অস্ত্রই তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে। শুরু ব্যাপক পরিবর্তন। নিজের শক্তিতে সে যখন বিশ্বাসী হয়ে ওঠে, তখন রাশিয়া তার নিরাপত্তার প্রশ্ন তোলে এবং ন্যাটোকে ১৯৯৭ সালের পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়ার দাবি জানায়। তা না হলেও অন্তত পূর্ব ইউরোপে ভারি অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপনাস্ত্র মোতায়েন না করার দাবি জানায়। বাইডেন সেই দাবি উপেক্ষা করেন। আর এর পরেই শুরু হয় ইউক্রেন যুদ্ধ। পশ্চিমা বিশ্ব নিশ্চিত ছিল যে শুধুমাত্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েই রাশিয়াকে ধ্বংস করা যাবে। সেটা হয়নি। উল্টো রাশিয়া শুধু সামরিক দিক থেকে নয় সার্বিক ভাবে নিজের অবস্থার উন্নতি ঘটায়। এর মূল কারণ পশ্চিমা নিষেধাজ্ঞা। আগে রাশিয়ার আয়ের একটি মূল উৎস ছিল তেল গ্যাস ও অন্যান্য কাঁচামাল। সেটা বিক্রির অর্থ মূলত পশ্চিমা দেশের ব্যাঙ্কে জমা থাকত, সেসব দেশের অর্থনীতিতে কাজ করত। এখন রাশিয়া সমস্ত অর্থ নিজ দেশে বিনিয়োগ করে। ফলে দেশে নতুন নতুন কলকারখানা গড়ে উঠছে, মানুষের কর্মসংস্থান হচ্ছে, বাড়ছে মানুষের ক্রয় ক্ষমতা। অনেক বিশেষজ্ঞের মতে বর্তমানে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে ভালো, এমনকি সোভিয়েত আমল থেকেও। শুধু যুদ্ধক্ষেত্রে নয় এমনকি আর্থসামাজিক ভাবেও রাশিয়া এখন অনেক শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে। পক্ষান্তরে ইউরোপ অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে। সোভিয়েত আমলে এদেশে নাগরিকত্ব দেয়া হত না বললেই চলে। তাছাড়া দিলেও খুব কম লোকই এখানে বসবাস করতে চাইত। কারণ সোভিয়েত অর্থনীতি মানুষকে আকর্ষণ করত না। বর্তমানে প্রচুর মানুষ এদেশে আসছে কাজ করতে। শুধু তৃতীয় বিশ্বের নয়, ইউরোপ আমেরিকা থেকে প্রচুর মানুষ আসছে ট্র্যাডিশনাল ফ্যামিলির আকর্ষণে। আর তাই যদি হয় তবে এখন কেন রাশিয়া নতুন করে আমেরিকা বা ন্যাটোর কাছে পুরানো দাবি তুলবে না?
আবুধাবিতে আলোচনা শেষে রুশ দলনেতা ভ্লাদিমির মিদিনস্কিকে যখন জিজ্ঞেস করা হয়, খারকভ ও অন্যান্য অঞ্চল যা রাশিয়ার দখলে সেটা কি দনবাসের সাথে বিনিময় করা হবে? তার উত্তর ছিল, দনবাস ও অন্যান্য অঞ্চল আমরা দখলে নেব তা সে আলোচনার মধ্যমেই হোক আর যুদ্ধ করেই হোক। আর অন্যান্য এলাকা সম্পর্কে শুধু একটা কথাই বলতে পারি, যেখানে রুশ সেনার পা পড়েছে, সেটাই রাশিয়া। তাই আবুধাবি সামিট থেকে খুব বেশি কিছু আশা করা যায় না। ইউক্রেন নিজেও যুদ্ধ বন্ধ করতে চায় না, কারণ যুদ্ধ ইউক্রেনের শাসকদের বেঁচে থাকার একমাত্র মাধ্যম। গত চার বছরে ইউরোপ ও আমেরিকা ইউক্রেন যুদ্ধে প্রায় ৪০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। যুদ্ধ শেষ হলে সেটা সুদে আসলে ফেরত দিতে হবে। যত দিন যুদ্ধ চলবে ইউরোপের বর্তমান নেতারা তাদের আভ্যন্তরীন সমস্যার দিকে মনোযোগ না দিলেও পারবে, কিন্তু যুদ্ধ শেষ হলে তাদের সেই অজুহাত আর থাকবে না। শত্রু দেশের মানুষকে যত ঐক্যবদ্ধ করে আর কেউ সেটা পারে না। আর সেজন্যেই সোভিয়েত ইউনিয়নের পতনের পরেও ন্যাটো বিলোপ করা হয়নি, এরা না চাইলেও রাশিয়াকে শত্রু হিসেবে দেখানো হয়েছে। বর্তমানে কী আমেরিকা, কী ইউরোপ – সব জায়গায় সমাজ বিভিন্ন প্রশ্নে দ্বিধাবিভিক্ত। শুধু তাই নয়, বিভিন্ন দেশের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব প্রকট। তাই রাশিয়া যদি শত্রু হিসেবে অভিনয় না করে তাহলে বিভিন্ন দেশের মধ্যে, বিভিন্ন গ্রুপের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব শুরু হবে। অনেকটা পাকিস্তানের মত। যতক্ষণ ভারতের সাথে উত্তেজনা আছে ততক্ষণ ভেতরে শান্ত, না হলে বিভিন্ন গ্রুপের মধ্যে মারামারি কাটাকাটি। তাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক রাশিয়াকে শত্রুর ভূমিকা পালন করতেই হবে। আর যুদ্ধটা যদি ইউক্রেনের মাটিতে ইউক্রেনের মানুষ দিয়ে করা যায় তাহলে তো সোনায় সোহাগা। তবে ভাবার কারণ নেই যে সেখানে শুধু ইউক্রেনের মানুষ যুদ্ধ করছে। ল্যাটিন আমেরিকা, আফ্রিকার ভাড়াটে সেনা ছাড়াও ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, পোল্যান্ডের সেনারা বেসরকারি ভাবে সেখানে যুদ্ধ করছে। এদিকে ইউরোপ বলছে যে যুদ্ধ বিরতি শুরু হলে তারা শান্তি রক্ষার জন্য ইউক্রেনে সেনা পাঠাবে। ১২ নভেম্বর প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত মিঃ উইটকফ ও মিঃ কুশ্নারের সাথে মতবিনিময়ের সময় প্রেসিডেন্ট পুতিন বলেন, এটা কখনি রাশিয়ার জন্য গ্রহণযোগ্য নয়। বিদেশী সেনা পাঠানো মানে তারা হবে রাশিয়ায় আইনসংগত টার্গেট। সেক্ষেত্রে নতুন করে যুদ্ধ শুরু হবে। তাহলে কি যুদ্ধ থামবে না? থামবে যদি উভয় পক্ষ অভিন্ন উদ্দেশ্যে সেটা চায়। বর্তমানে রাশিয়া যুদ্ধ করছে নিজের জন্য দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করতে আর ইউক্রেন ও ইউরোপ শান্তি চাইছে এই যুদ্ধ বিরতি কাজে লাগিয়ে নতুন উদ্যমে যুদ্ধে নামার কৌশল হিসেবে। এটাই শান্তির জন্য সবচেয়ে বড় বাধা।
গবেষক, জয়েন্ট ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার রিসার্চ
শিক্ষক, রাশিয়ান পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি, মস্কো