চট্টগ্রাম বন্দরে প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর কন্টেনার পরিবহন চালু
চট্টগ্রাম বন্দর থেকে কন্টেনার ডেলিভারি বন্ধ থাকার প্রায় ছয় ঘণ্টা পর পণ্য পরিবহন আবারও চালু হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে বন্দরের ৫ নম্বর গেটে শ্রমিকদের সঙ্গে বন্দর নিরাপত্তাকর্মীদের বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনার জেরে কন্টেনার পরিবহন বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় আশিকুর রহমান নামে বন্দরের এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
শ্রমিকদের অভিযোগ, বন্দরের গেটে প্রবেশ পাস দেওয়াকে কেন্দ্র করে প্রাইম মুভারস ট্রেইলার শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোকতার হোসেনের সঙ্গে গেটে কর্মরত এক নিরাপত্তাকর্মীর প্রথমে বাগ্বিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে পরিবহন শ্রমিকরা পণ্য পরিবহন বন্ধ করে দেন।
প্রাইম মুভারস ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান বলেন, গেট পাসের নির্ধারিত ফি ৫৭ টাকা হলেও শ্রমিকদের কাছ থেকে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এ বিষয়ে অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোকতার হোসেন প্রতিবাদ করলে বন্দরের নিরাপত্তাকর্মীরা তাকে মারধর করেন বলে তিনি অভিযোগ করেন।
সেলিম খান বলেন, বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন। পরে উভয় পক্ষকে নিয়ে ৪ নম্বর গেটে গেলে সেখানে আবারও উত্তেজনা ও ঝামেলার সৃষ্টি হয়। এর পরপরই পরিবহন শ্রমিকরা কন্টেনার পরিবহন বন্ধ করে দেন।
প্রায় ছয় ঘণ্টা পণ্য পরিবহন বন্ধ থাকার পর সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা ও পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কন্টেনার পরিবহন শুরু হয়।
ঘটনাকে কেন্দ্র করে বন্দরের নিরাপত্তা ও গেট পাসের ফি আদায়ের বিষয়টি নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।