সিভাসুতে জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান কর্মসূচি

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) এস. এ. কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল সাড়ে ৯টায় এস. এ. কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী।

সিভাসুর ভেটেরিনারি ক্লিনিক্সের পরিচালক প্রফেসর ড. আজিজুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন, মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ড. মনোয়ার সাঈদ পল্লব, পরিবহন দপ্তরের কো-অর্ডিনেটর প্রফেসর ড. এ. এস. এম. গোলাম কিবরিয়া এবং চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের সাবেক পরিচালক ডা. মো. ফরহাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী বলেন, জলাতঙ্ক শতভাগ প্রতিরোধযোগ্য একটি রোগ। এ রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সবাই সম্মিলিতভাবে কাজ করলে জলাতঙ্ক নির্মূল করা সম্ভব।

পরে একটি বিড়ালকে জলাতঙ্কের টিকা প্রদানের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলে।

এদিকে, একই দিন বিকেলে ভেটেরিনারি মেডিসিন অনুষদ ও হিট উপ-প্রকল্পের (এসপি-১৩৩৫২) যৌথ উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে একটি সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।