গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক ২৮৯
যাচাই-বাছাই শেষে জাসদ নেতা-কর্মীদের ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ২৮৯ জনকে আটক করেছে পুলিশ। তবে আটক ব্যক্তিদের মধ্যে যাচাই-বাছাই শেষে জাসদের নেতা-কর্মীদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার বেলা তিনটার দিকে গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে এ অভিযান চালানো হয়। এ সময় কার্যালয়ে থাকা দলটির নেতা-কর্মীসহ সাংবাদিক নেতাকেও আটক করে বিভিন্ন থানায় নিয়ে যায় পুলিশ।
ডিএমপির মতিঝিল অঞ্চলের সহকারী কমিশনার সাকিবুল আলম ভূঁইয়া রাত ১১টার দিকে জানান, জাসদ কার্যালয় থেকে মোট ২৮৯ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে যাঁরা জাসদের নেতা-কর্মী, তাঁদের ছেড়ে দেওয়া হবে। অন্যদের যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকে বিকেলে বলা হয়, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা জাসদ কার্যালয়ে জড়ো হয়েছেন—এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কথাও পুলিশ জানায়। পরে উপস্থিত ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
তবে কার্যালয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের জড়ো হওয়ার অভিযোগ অস্বীকার করেছে জাসদ। দলটির এক বিবৃতিতে বলা হয়, পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করেই পূর্বনির্ধারিত কেন্দ্রীয় প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছিল। জাসদ নিষিদ্ধ কোনো দল নয় এবং দলটির কার্যক্রমের ওপরও কোনো নিষেধাজ্ঞা নেই। সভায় অংশগ্রহণকারীরা সবাই জাসদের নেতা-কর্মী ও সদস্য বলে দাবি করেছে দলটি।
জাসদের দাবি, কেন্দ্রীয় প্রতিনিধি সভায় প্রায় ৫০০ নেতা-কর্মী উপস্থিত ছিলেন, যাঁদের মধ্যে ৩০ জন নারী। সভা চলাকালে যুবদলের প্রায় ৫০০ নেতা-কর্মী পুলিশের উপস্থিতিতে জাসদ কার্যালয়ে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি ও নেতা-কর্মীদের শারীরিকভাবে আঘাত করে। পরে পুলিশ কার্যালয় ঘেরাও করে উপস্থিত নেতা-কর্মীদের আটক করে পল্টন, শাহজাহানপুরসহ বিভিন্ন থানায় নিয়ে যায় বলে বিবৃতিতে অভিযোগ করা হয়েছে।
জাসদ আরও দাবি করেছে, তাদের সাংগঠনিক সভাকে আওয়ামী লীগের সভা হিসেবে উল্লেখ করে ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে।
এদিকে জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন জানিয়েছেন, কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যকেও আটক করা হয়েছে। তিনি জাসদ-সমর্থক হিসেবে দলীয় কার্যালয়ে এসেছিলেন বলে জানান সাজ্জাদ হোসেন।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।