৫ অক্টোবর বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচির প্রতি যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের সমর্থন

চট্টগ্রাম বিলস যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের এক সভা ২১ সেপ্টেম্বর, মঙ্গলবার  বিকেল ৩টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের আহ্বায়ক আবু আহমেদ মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব হাসিবুর রহমান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফজলুল কবির মিন্টু।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শামসুল ইসলাম আরজু, লুতফুন্নাহার সোনিয়া, জান্নাতুল ফেরদৌস রুবি, মোহাম্মদ জাকির হোসেন, আসমা বেগম, মাহ্রুফ হোসেন, অয়ন, মাসুমা বেগম, লতিফুর রহমান, শাহানা বেগম, কুলসুম বেগম, নূর আলম প্রমুখ।

সভায় চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি আহূত আগামী ৫ অক্টোবর ২০২৬ বন্দর ভবনের প্রধান ফটকের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচির প্রতি সংহতি ও সমর্থন জানানো হয়। একই সঙ্গে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে বন্দর রক্ষার দাবিতে ঐক্যবদ্ধভাবে ওই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে তপন দত্ত বলেন, এনসিটি (নিউমুরিং কনটেইনার টার্মিনাল) বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদে ইজারা দেওয়ার উদ্যোগ চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ, জাতীয় অর্থনীতি এবং শ্রমজীবী মানুষের স্বার্থের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। বন্দরের সক্ষমতা ও আয়-ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে স্বচ্ছতা ও জনস্বার্থ নিশ্চিত করেই যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দর দেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার। তাই বন্দর পরিচালনা ও ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জাতীয় স্বার্থ, শ্রমিকের অধিকার এবং বন্দরের দীর্ঘমেয়াদি সক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সভায় আগামী ৫ অক্টোবরের অবস্থান কর্মসূচি সফল করতে শ্রমজীবী যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।