চট্টগ্রামে ৬৩ বিদেশি গ্রেপ্তার, পুলিশের দাবি অনলাইন প্রতারণার নেটওয়ার্ক
চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকায় একটি আটতলা ভবনের ১৪টি ফ্ল্যাটে দেড় মাস ধরে অবস্থান করা ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, এসব ফ্ল্যাটে সার্ভার, কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন প্রযুক্তি সরঞ্জাম স্থাপন করে অনলাইন প্রতারণার নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছিল।
বৃহস্পতিবার রাতে নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ) ও খুলশী থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে লাওসের ৩৫ জন, পাকিস্তানের ২১ জন, চীনের ৫ জন, নেপালের ১ জন ও ভিয়েতনামের ১ জন নাগরিক রয়েছেন। তাঁদের কাছ থেকে ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেলে দামপাড়া পুলিশ লাইনসের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এসব তথ্য জানান।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের পাসপোর্ট ও ভিসা তাঁদের কাছে ছিল না। এসব নথি দেশীয় একটি চক্রের সদস্যদের কাছে রয়েছে বলে তাঁরা জানিয়েছেন। ওই চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বিভিন্ন ওয়েবসাইট ও চাকরির প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হতো। পাশাপাশি ব্যাংকসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য হ্যাক করে অর্থ আত্মসাতের বিষয়টিও তদন্ত করা হচ্ছে।
উদ্ধার হওয়া ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার পর প্রতারণার ধরন ও নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ৬৩ জনকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে ৩ সেপ্টেম্বর কক্সবাজারে অনলাইন প্রতারণার অভিযোগে চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন ও ৪০টি ল্যাপটপ উদ্ধার করা হয়। কক্সবাজারের ওই ঘটনার সঙ্গে খুলশীর ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।