ডাকযোগে এখন যাচ্ছে ফ্রিজ, মোটরসাইকেলও

শুধু চিঠি কিংবা প্যাকেট নয়, ডাকযোগে এখন গ্রাহকের কাছে যাচ্ছে ফ্রিজ, মোটরসাইকেল, আলমারি ও ওয়ারড্রবের মতো ভারী পণ্যও। বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় গত দুই মাসে প্রায় ৪০০ টন পণ্য পরিবহন হয়েছে। প্রথম কেজির জন্য ১০ টাকা এবং পরবর্তী প্রতি কেজিতে ৫ টাকা মাশুলে চলছে এ সেবা।

সম্প্রতি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।

মহাপরিচালক বলেন, দেশের আইনে অবৈধ নয়, এমন যেকোনো পণ্য ডাকের গাড়িতে তোলা, নামানো এবং পোস্টম্যানের মাধ্যমে বিলি করা যায়। সম্প্রতি পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি মোটরসাইকেলও ডাকযোগে পাঠানো হয়েছে। এর পাশাপাশি ফ্রিজ, আলমারি ও ওয়ারড্রবের মতো বড় আসবাবপত্রও পরিবহন করা হচ্ছে।

তিনি জানান, শিক্ষার্থীদের কাঁথা–বালিশ ও বিছানাপত্র, রান্নাঘরের দা–বঁটি–ছুরি, হাঁড়ি–পাতিল, প্রেসার কুকার, ইন্ডাকশন চুলা, এলইডি টিভি, এয়ার কন্ডিশনার, বাইসাইকেল এবং কীটনাশক স্প্রে মেশিনও এখন স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো যাচ্ছে।

মহাপরিচালক বলেন, মৌসুমি ফলসহ গত দুই মাসে স্পিড পোস্টের মাধ্যমে মোট প্রায় ৪০০ টন পণ্য পরিবহন হয়েছে, যা এর আগে ডাক বিভাগের মাধ্যমে কখনো পরিবহন হয়নি।

ভারী ও বড় পণ্য সহজে গ্রাহকের কাছে পৌঁছে দিতে সেবাটিকে আরও গ্রাহকবান্ধব করতে বাড়তি কিছু ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান তিনি।