ডেনমার্কের সহযোগিতায় লালদিয়া কনটেইনার টার্মিনালের নির্মাণকাজ শুরু আজ

চট্টগ্রাম, ৩০ আগস্ট ২০২৬: ডেনমার্কের সহযোগিতায় চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক কাজ শুরু হচ্ছে আজ রোববার। এ উপলক্ষে সকালে পতেঙ্গার লালদিয়া প্রকল্প এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সকাল ১১টায় অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা, সংশ্লিষ্ট দেশি-বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন।

তবে লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পটি নিয়ে শুরু থেকেই বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা রয়েছে। সমালোচকদের অভিযোগ, বিগত অন্তর্বর্তী সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে প্রকল্পটির চুক্তি সম্পন্ন করেছে। কিন্তু চুক্তির গুরুত্বপূর্ণ শর্তাবলি জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

তাদের মতে, দেশের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ও অর্থনৈতিক স্থাপনা দীর্ঘমেয়াদে কী ধরনের শর্তের আওতায় পরিচালিত হবে, রাষ্ট্র ও জনগণের স্বার্থ কতটা সুরক্ষিত থাকবে এবং চুক্তিতে কোনো আর্থিক বা কৌশলগত ঝুঁকি রয়েছে কি না—এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার এবং জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। ফলে বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং নতুন টার্মিনাল স্থাপন সময়ের প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তাদের দাবি, বিদেশি বিনিয়োগের মাধ্যমে লালদিয়া কনটেইনার টার্মিনাল দেশের বৈদেশিক বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। বন্দরের সক্ষমতা বাড়ার পাশাপাশি পণ্য পরিবহন ও রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হওয়ার সুযোগ তৈরি হতে পারে।

তবে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মতে, এই সম্ভাবনাকে বাস্তব সুফলে রূপ দিতে হলে প্রকল্পের চুক্তি ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জাতীয় অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তাদের আশঙ্কা, স্বচ্ছতা ও জনস্বার্থের বিষয়গুলো যথাযথভাবে নিশ্চিত করা না হলে আজকের উন্নয়ন প্রকল্প ভবিষ্যতে দেশের জন্য নতুন ধরনের অর্থনৈতিক ও কৌশলগত বোঝা হয়ে দাঁড়াতে পারে।