প্রগতির যাত্রীর পাঠচক্র অনুষ্ঠিত: জ্ঞানচর্চা ও মুক্তচিন্তার বিকাশে গুরুত্বারোপ
চট্টগ্রাম, ২৯ আগস্ট ২০২৬: সামাজিক সংগঠন প্রগতির যাত্রী-এর উদ্যোগে ‘রেনেসাঁ: বাংলাদেশের বর্তমান সমাজ ও সংস্কৃতি’ শীর্ষক এক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৮ আগস্ট) চট্টগ্রামের হোটেল এশিয়ান এস আর-এ অনুষ্ঠিত পাঠচক্রের দ্বিতীয় পর্বে বিষয়টির ওপর অংশগ্রহণকারীদের নির্বাচিত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় অংশ নিয়ে কবি ও সাংবাদিক আবুল মোমেন বাংলাদেশের বর্তমান সমাজ ও সংস্কৃতির বিভিন্ন দিক, এর পরিবর্তন এবং সমকালীন বাস্তবতা নিয়ে আলোচনা করেন। তিনি সমাজ ও সংস্কৃতির ইতিবাচক বিকাশে মুক্তবুদ্ধি, প্রগতিশীল চিন্তা এবং আলোকিত বিষয়সমূহের চর্চার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, “আজকের সমাজ ও রাজনীতির সংকট বুঝতে হলে জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই।”
নতুন প্রজন্মকে জ্ঞান-বিজ্ঞান ও মুক্তচিন্তার চর্চার সঙ্গে আরও সম্পৃক্ত করে একটি আধুনিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নানামুখী উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে পাঠচক্রের বিষয়কে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্ন, মতামত ও পর্যবেক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও সমকালীন বাস্তবতার বিভিন্ন দিক উঠে আসে।
অংশগ্রহণকারীরা এ ধরনের পাঠচক্রের মাধ্যমে জ্ঞানচর্চা, মুক্তচিন্তা এবং সমাজ-সংস্কৃতি বিষয়ে সচেতন আলোচনা আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রগতির যাত্রী নিয়মিত পাঠ ও আলোচনার মাধ্যমে একটি কুসংস্কারমুক্ত, যুক্তিবাদী ও আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছে।