তৈরি পোশাক শ্রমিকদের বৈধ জাতীয় পরিচয়পত্র নিশ্চিতকরণে ব্যবস্থাপকদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বৈধ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সহজলভ্য ও কার্যকরভাবে নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামে কারখানা ব্যবস্থাপকদের অংশগ্রহণে এক ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংশপ্তক, জিআইজেড (GIZ) এবং একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় বাস্তবায়িত “Odhikar (অধিকার) – Awareness Drive for Obtaining Valid NID for RMG Workers” প্রকল্পের আওতায় শনিবার (২০ জুন) চট্টগ্রামের স্টেশন রোডস্থ এশিয়ান এসআর হোটেলে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কমিশনার মোহাম্মদ সাকাওয়াত হোসেন। এছাড়া জিআইজেড-এর অ্যাডভাইজর (Knowledge Management) নাকিব রাজিব আহমেদ, একশনএইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ মারুফ হোসেন, থানা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, বিভিন্ন তৈরি পোশাক কারখানার ব্যবস্থাপক ও প্রতিনিধিবৃন্দ এবং সংশপ্তকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সংশপ্তকের সহকারী পরিচালক (জেন্ডার মেইনস্ট্রিমিং অ্যান্ড সেইফগার্ডিং) জয়নাব বেগম চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরী বলেন, একটি বৈধ জাতীয় পরিচয়পত্র শুধু নাগরিক পরিচয়ের স্বীকৃতি নয়, বরং সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আর্থিক অন্তর্ভুক্তি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা গ্রহণের অন্যতম প্রধান ভিত্তি। তাই শ্রমিকদের জন্য বৈধ এনআইডি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরে একশনএইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ মারুফ হোসেন “অধিকার” প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরেন। তিনি বলেন, প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের মধ্যে এনআইডি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় তথ্য ও সহায়তা প্রদান এবং সেবা গ্রহণে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আলোচনায় জিআইজেড-এর অ্যাডভাইজর নাকিব রাজিব আহমেদ বৈধ জাতীয় পরিচয়পত্রের সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্পর্ক তুলে ধরে বলেন, বর্তমান সময়ে অধিকাংশ সরকারি সেবা ও সামাজিক সুরক্ষা কার্যক্রমের সঙ্গে এনআইডি নিবিড়ভাবে সম্পৃক্ত। ফলে শ্রমিকদের এ সেবার আওতায় আনা সামাজিক অন্তর্ভুক্তির জন্য অত্যন্ত জরুরি।
মতবিনিময় পর্বে বিভিন্ন কারখানার প্রতিনিধিরা শ্রমিকদের এনআইডি সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান, জন্মনিবন্ধনের জটিলতা, তথ্য সংশোধন, ঠিকানাগত অসামঞ্জস্য এবং প্রয়োজনীয় কাগজপত্রের অভাবের কারণে অনেক শ্রমিক এনআইডি সেবা পেতে ভোগান্তির শিকার হন।
পরবর্তীতে থানা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম এনআইডি আবেদন, তথ্য সংশোধন, পুনঃপ্রাপ্তি এবং অন্যান্য সেবা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কমিশনার মোহাম্মদ সাকাওয়াত হোসেন শ্রমিকদের জন্য বৈধ জাতীয় পরিচয়পত্র নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা এবং কারখানা কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শ্রমিকবান্ধব এনআইডি সেবা সম্প্রসারণে নির্বাচন কমিশনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ খাতের শ্রমিকদের নাগরিক অধিকার ও প্রয়োজনীয় সেবা প্রাপ্তি নিশ্চিত করা সময়ের দাবি। বৈধ জাতীয় পরিচয়পত্র নিশ্চিত হলে শ্রমিকরা সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আর্থিক সেবা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য নাগরিক সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা শ্রমিকদের জন্য এনআইডি সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে যৌথ উদ্যোগ গ্রহণ এবং এ ধরনের সমন্বিত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
