চলমান সংবাদ

প্রগতির যাত্রীর উদ্যোগে পাঠচক্র অনুষ্ঠিত

-“রেনেসাঁ: বাংলাদেশের বর্তমান সমাজ ও সংস্কৃতি” বিষয়ে কবি ও সাংবাদিক আবুল মোমেনের আলোচনা

প্রগতিশীল চিন্তা, সমাজ-সংস্কৃতি এবং সমসাময়িক জাতীয় বাস্তবতা নিয়ে আলোচনা ও মতবিনিময়ের লক্ষ্যে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন প্রগতির যাত্রী-এর উদ্যোগে “রেনেসাঁ: বাংলাদেশের বর্তমান সমাজ ও সংস্কৃতি” শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। এতে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও সাংবাদিক আবুল মোমেন।

সংগঠনের সভাপতি ডাঃ নিশীথ রঞ্জন দে-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ পাঠচক্র সঞ্চালনা করেন রবীন গুহ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল কবীর মিন্টু।

আলোচনায় কবি আবুল মোমেন বলেন, বর্তমান সময়ে দেশে মৌলবাদী শক্তির উত্থান প্রগতিশীল চিন্তাধারার মানুষদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ভয়ের সংস্কৃতি তৈরি করে মুক্তবুদ্ধির চর্চা, মানবিক মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে দুর্বল করার অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এ পরিস্থিতিকে তিনি জাতির জন্য এক ক্রান্তিকাল হিসেবে উল্লেখ করে বলেন, প্রগতিশীল, গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে অনুষ্ঠিত প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণ করেন প্রবীণ শ্রমিক নেতা তপন দত্ত, সিনিয়র সাংবাদিক সুভাষ দে, অধ্যাপক মো. জাহাঙ্গীর, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, ডাঃ সাইফুল ইসলাম বিদ্যুৎ, ডাঃ আরিফ বাচ্চুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। বক্তারা বাংলাদেশের বর্তমান সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতা, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ এবং অসাম্প্রদায়িক সমাজ গঠনের প্রয়োজনীয়তা নিয়ে মতামত তুলে ধরেন।
পাঠচক্রের সমাপনীতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এটি তাদের ধারাবাহিক আয়োজনের প্রথম পর্ব। আগামী দিনে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষকদের অংশগ্রহণে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিষয়ে নিয়মিত পাঠচক্র আয়োজন করা হবে।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন মুক্তচিন্তা, যুক্তিবাদী মনন ও গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।