চলমান সংবাদ

ইরানে হামলা: কয়েক দিনে প্রায় ২০০ শিশুর মৃত্যু, উদ্বেগ প্রকাশ ইউনিসেফের

ইরানে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় কয়েক দিনের মধ্যেই প্রায় ২০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

এক বিবৃতিতে ইউনিসেফ জানায়, ইরানের ওপর শুরু হওয়া ব্যাপক সামরিক আগ্রাসনের ফলে এ পর্যন্ত বিপুল সংখ্যক শিশুর প্রাণহানি ঘটেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহত শিশুদের মধ্যে শুধু ইরানেই ১৮১ জন রয়েছে। এছাড়া লেবাননে সাত, ইসরাইলে তিন এবং কুয়েতে একজন শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

ইউনিসেফের প্রতিবেদনে বিশেষভাবে দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ের ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। হামলার প্রথম দিনেই ওই স্কুলে চালানো হামলায় অন্তত ১৭৫ স্কুলছাত্রী নিহত হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

এই হৃদয়বিদারক ঘটনার উল্লেখ করে ইউনিসেফ বলেছে, শিশুরা কখনো যুদ্ধ শুরু করে না, অথচ যুদ্ধের সবচেয়ে নির্মম মূল্য তাদেরই দিতে হয়। মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সামরিক উত্তেজনা শিশুদের জীবনে ভয়াবহ ও বিপর্যয়কর প্রভাব ফেলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংস্থাটি অবিলম্বে সহিংসতা বন্ধ এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে।