বিজন ভাবনা

৭ মার্চে ফুল দিতে গিয়ে চারজন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ফুল দিতে যাওয়ার পথে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক বাসভবনের কাছে স্কয়ার হাসপাতালের বিপরীত পাশের সড়ক থেকে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, কয়েকজন ব্যক্তি হাতে ফুল নিয়ে মিছিল করতে করতে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাঁদের থামানোর চেষ্টা করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, মিছিলে আনুমানিক ১০ থেকে ১৫ জন অংশ নিয়েছিলেন। তাঁদের হাতে ফুলের মালা ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা সেখান থেকে সরে যান। আটক চারজনের মধ্যে তিনজন নারী এবং একজন পুরুষ রয়েছেন।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছিল। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আওয়ামী লীগ বা দলটির নিষিদ্ধ সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে এক ঐতিহাসিক ভাষণ দেন। সেই ভাষণে তিনি বলেছিলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা ২৬ মার্চ দেওয়া হলেও ওই ভাষণকে স্বাধীনতার আন্দোলনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচনা করা হয়।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে প্রতি বছর ঘটা করে ৭ মার্চ পালন করা হতো। তবে ২০২৪ সালে ছাত্র–জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পরবর্তী সময়ে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাসভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়।

পড়ুন:  এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার -বারিধারা ডিওএইচএস থেকে ডিবির অভিযান, একাধিক মামলার অভিযোগ

অভ্যুত্থানের পর বিভিন্ন দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে অনেকেই হামলা ও হেনস্তার শিকার হয়েছেন। এ ধরনের ঘটনায় কয়েকজনকে পুলিশ গ্রেপ্তারও করেছে।