ধাপে ধাপে ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলিদের দীর্ঘ সময় বাংকারে রাখতে ইরানের কৌশল

গতকাল শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত ইরান থেকে ইসরায়েলের দিকে অন্তত পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এসব হামলার কারণে সারা রাত লাখ লাখ ইসরায়েলিকে নিরাপদ আশ্রয়কেন্দ্র বা বাংকারে অবস্থান করতে হয়েছে।
ইসরায়েলি সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, বিভিন্ন সময়ে ক্ষেপণাস্ত্র ছোড়া হওয়ায় দেশটির বিভিন্ন অঞ্চলে বারবার সাইরেন বেজে ওঠে। এতে সাধারণ মানুষকে দীর্ঘ সময় ধরে আশ্রয়কেন্দ্রে থাকতে বাধ্য হতে হয়।
ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইরান সম্ভবত এমন একটি কৌশল গ্রহণ করেছে যাতে একসঙ্গে বড় আকারের হামলার পরিবর্তে সময়ের ব্যবধানে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর ফলে ইসরায়েলের জনজীবনে দীর্ঘস্থায়ী চাপ সৃষ্টি করা এবং সরকারকে চাপে রাখা সম্ভব হয়।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দেশবাসীকে জানিয়েছে, নিরাপত্তা সংস্থাগুলোর ধারণা ছিল সংঘাতের প্রথম সপ্তাহেই ইরান থেকে ইসরায়েলের দিকে অন্তত এক হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতে পারে।
তবে এখন পর্যন্ত প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি পক্ষ। ইসরায়েলি কর্মকর্তাদের ভাষ্য, এটি ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে ইরানের সীমিত সক্ষমতার ইঙ্গিত দিচ্ছে।
এ ব্যাপারে ইসরায়েল নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্যকেও একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করেছে।
