বিজন ভাবনা (৭১): শান্তির পিংপং -বিজন সাহা
![]()
কোয়ান্টাম মেকানিক্সে স্ক্যাটারিং থিওরি বা বিচ্ছুরণ তত্ত্ব বলে একটা ব্যাপার আছে যখন কোন কণা অন্য কণা বা ক্ষেত্রের সাথে মিথস্ক্রিয়ার ফলে গতিপথ পরিবর্তন করে। রুশ-ইউক্রেন যুদ্ধে শান্তির এখন সেই একই অবস্থা। শান্তি আসি আসি করেও যুদ্ধবাজদের সম্মিলিত অশুভ শক্তির দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে অশান্তির পথ বেছে নিচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হয় পশ্চিমা এলিটদের সংখ্যাগরিষ্ঠ অংশ এখনও যুদ্ধের পক্ষে বাজি রাখছে। ফলে শান্তি এখনও অধরাই থেকে যাবে বলে মনে হয়। কথায় বলে ছোট শিশু ছোট সমস্যা, বড় শিশু বড় সমস্যা। ইউক্রেন যুদ্ধকে আঞ্চলিক যুদ্ধ মনে হলেও এটা আসলে প্রায় বিশ্বযুদ্ধ, অন্তত রাশিয়া বনাম পশ্চিমা বিশ্বের যুদ্ধ – তাই এর শেষ শুধু দুই পক্ষের সদিচ্ছার উপর নির্ভর করে না, নির্ভর করে অর্ধশতাধিক দেশের সরকারের এক মত হবার উপর। আর সেটা সব সময়ই কষ্টসাধ্য – কী যুদ্ধ চালিয়ে যেতে, কী যুদ্ধ শেষ করতে। একটু খেয়াল করলে দেখব শুধু সেই দেশগুলোই যুদ্ধ চালিয়ে যেতে চায় যাদের মিলিটারি ইন্ডাস্ট্রি শক্তিশালী অর্থাৎ যারা অস্ত্র বিক্রি করে নিজদের অর্থনীতি চাঙ্গা করতে পারে, অথবা সেই দেশগুলো যাদের ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্ব প্যাথোলজিক্যালি রুশ বিরোধী। ফলে আমেরিকা, বিশেষ করে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বন্ধ করার জন্য চেষ্টা করলেও অবস্থাদৃষ্টে মনে হয় টানেলের ওপারে এখনও শান্তির প্রদীপ জ্বলছে না, জ্বললেও এতটাই মিটিমিটি করে জ্বলছে যে সাধারণ মানুষ খালি চোখে সেটা দেখতে পাচ্ছে না। ইউরোপ, বিশেষ করে বাল্টিকের দেশগুলো, পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড অনবরত চেষ্টা করে যাচ্ছে শান্তি আলোচনা ভণ্ডুল করতে। আর ইউরোপিয়ান ইউনিয়ন তো আছেই। যদি জাতীয় সরকারকে দেশের জনগণের কাছে কিছুটা হলেও জবাবদিহি করতে হয়, ভোটের জন্য হলেও জনগণের কাছে হাত পাততে হয়, ইউরোপিয়ান ইউনিয়নের আমলাদের এসবে ধার ধারতে হয় না। তাছাড়া বর্তমান ইউরোপের বেশির ভাগ দেশের সরকারের পেছনে জনসমর্থন নেই। অনেক আগে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ভেরবক বলেছিলেন, নিজ দেশের জনগণের চেয়ে ইউক্রেনের প্রতি তার দায়বদ্ধতা অনেক বেশি। বর্তমান ইউরোপের অনেক নেতাই মনে করে নিজ দেশের চেয়ে ইউক্রেনের সমস্যা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই এসব দেশের ছাত্রছাত্রীরা স্কুল কলেজের উন্নয়নের জন্য, এসব দেশের শ্রমিকেরা জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আন্দোলন করে সরকারের কাছ থেকে কোন রকম ছাড় না পেলেও ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ৭০ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার হল, চুক্তি অনুযায়ী ইউক্রেন সেই ঋণ শোধ করবে রাশিয়াকে পরাজিত করে কন্ট্রিবিউশন পাওয়ার পর। যার অর্থ দাড়ায় কখনই ফেরত পাবে না। ঋণ দেবার আগেই ঋণ খেলাপির দরজা খোলা। কেন তারা এমন করছে? কারণ এরা কেউই জাতীয় স্বার্থে কাজ করে না, করছে না। প্রায় সবাই ট্র্যান্সন্যাশনাল কোম্পানির পৃষ্ঠপোষকতায় ক্ষমতায় এসেছে। দেশে যেমন ইউনুস সরকার জনগণকে কাঁচকলা দেখিয়ে আমেরিকার সাথে দেশের স্বার্থ বিরোধী চুক্তি করেছে, ইউরোপের অনেক নেতারাই সেটাই করছে বৃহৎ পুঁজির স্বার্থ রক্ষা করতে। আর যেসব দেশে জাতীয় ও জনপ্রিয় সরকার, তারা চাইছে যুদ্ধ যেন দ্রুত শেষ হয়। তারা ইউক্রেনের ঋণের বোঝা টানতে রাজি নয়, কিন্তু বড় বড় দেশের চাপের মুখে ভোট দিতে বাধ্য হচ্ছে।
রাশিয়াও যে যুদ্ধ থামানোর জন্য মুখিয়ে আছে তা নয়। কারণ তারা জানে যুদ্ধ চলতে থাকলে ধীরে ধীরে সমস্ত রুশ বেল্ট রাশিয়ার দখলে আসবে। আর খারকভ থেকে ওদেসা পর্যন্ত পুর এলাকা নিজদের দখলে আনলে ইউক্রেনের আর ব্ল্যাক সীর উপর দখল থাকবে না। সেক্ষেত্রে রাশিয়ার ব্ল্যাক সী ফ্লট নিরাপদ থাকবে। তাছাড়া সেটা হলে প্রিদনেস্ত্রভ (মালদাভিয়ার রুশ অধ্যুষিত এলাকা যা ১৯৯১ সাল থেকেই স্বতন্ত্র ভাবে টিকে আছে, যেমন ছিল আবখাজিয়া ও দক্ষিণ অসেতিয়া জর্জিয়ার ভেতরে) সমস্যা সমাধান সহজ হবে। তাছাড়া রাশিয়ার জন্যেও যুদ্ধ শেষ করা তত সহজ নয় যতটা মনে হচ্ছে। যুদ্ধ এমন একটি প্রক্রিয়া যা শেষ হবার পরেও দীর্ঘদিন ধরে চলতে থাকে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে। যদি যুদ্ধ জয়ের প্রশ্নে রাশিয়ার বেশির ভাগ মানুষ একমত, যুদ্ধ বিরতি বা শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ করার প্রশ্নে বিভিন্ন মত আছে। যারা যুদ্ধ ক্ষেত্রে আছে তাদের প্রায় শতভাগ চায় যুদ্ধ করে শত্রুকে ধ্বংস করতে। কারণ সেখানে তারা অনেক সহযোদ্ধাদের হারিয়েছে, যুদ্ধের বীভৎস চেহারা দেখেছে। আর তাই তারা চায় নিজেদের সন্তানদের যাতে এইরকম পরিস্থিতির মধ্যে পরতে না হয় সেটা নিশ্চিত করতে। তবে যারা যুদ্ধক্ষেত্র থেকে দূরে তারা তাদের অনেকেই যুদ্ধ বন্ধের পক্ষে, তবে সেটা অবশ্যই রাশিয়ার শর্তে। কারণ যুদ্ধ মানেই স্ট্রেচ, মানসিক চাপ। অনিশ্চয়তা। আবার আরেক দল আছে যারা যেকোনো মূল্যে যুদ্ধ বন্ধের পক্ষে, এমনকি ছাড় দিয়ে হলেও। তাদের এক বিরাট অংশ বিত্তশালী ও সমাজের উঁচু শ্রেণীর। তারা চায় আবার আগের মতই ইউরোপ আমেরিকায় ঘুরে বেড়াতে। রাশিয়ায় বসে পশ্চিমা বিশ্বের সব সুযোগ সুবিধা ভোগ করতে। দেশ যে আর কখনই আগের অবস্থায় ফিরে যাবে না, সেটা তারা মানতে চায় না। এছাড়া আছে আরও একদল মানুষ যারা রাশিয়ার পরাজয় কামনা করে, চায় দেশে আবার নব্বইয়ের দশকের পরিস্থিতি ফিরে আসুক।
যুদ্ধ বন্ধ হলে ইউরোপের নেতাদের দেশের মানুষের কাছে জাবাবদিহি করতে হবে, বিগত কয়েক বছর যাবত রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করে, এদের তেল গ্যাস না কিনে অর্থনীতি প্রায় ধ্বংসের মুখে ঠেলে দেবার জন্য ক্ষমতা হারাতে হবে। আর ইউক্রেনের নেতাদের দেশ থেকে পালানো ছাড়া কোন গতি থাকবে না। অবশ্য তারা সেই পথ শুরু থেকেই খোলা রেখেছে। ফলে সেখানকার নেতাদের প্রায় সবাই যুদ্ধের অর্থে ইউরোপ আমেরিকায় বাড়িঘর তৈরি করেছে। যত দিন যুদ্ধ চলবে ততদিন তাদের দোকান খোলা থাকবে। তারা মৃত্যু বিক্রি করে নিজেদের ব্যাংক ব্যাল্যান্স বাড়াতে পারবে। আর এ কারণেই পরাজয় নিশ্চিত জেনেও তারা যুদ্ধ চালিয়ে যেতে এত মরিয়া। অন্যদিকে যুদ্ধ শেষ হলে রাশিয়ার ওদেসা, খারকভ এমনকি কিয়েভ – এসব এলাকা আর পুনর্দখল করা হবে না। তবে সবচেয়ে বড় কথা যুদ্ধকে কেন্দ্র করে সমাজের পরস্পরবিরোধী বিভিন্ন ভাবনা ও স্বার্থের প্রতিনিধিত্বকারী গ্রুপের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে, শান্তিকালীন সময়ে সেই ঐক্য কতটুকু থাকবে, না থাকলে কীভাবে সেটা ট্যাকল করতে হবে এসব প্রশ্নের উত্তর না দিয়ে হুট করে শান্তি চুক্তি করা এক ধরণের রিস্ক। ইউক্রেনের সাথে যুদ্ধ যেন দেশের ভেতরে বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষে পরিণত না হয় সেটা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের ইতিহাস থেকে রাশিয়া এক্ষেত্রে শিক্ষা নিতে পারে। কি সেই ইতিহাস? বাংলাদেশের স্বাধীনতার পর যদি মুক্তিযোদ্ধাদের নিরস্ত্র করা না হত, যদি সেই শক্তিকে কাজে লাগিয়ে গৃহশত্রুকে দমন করা হত, তাহলে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে মুক্তিযুদ্ধের সমস্ত অর্জন এভাবে বেহাত হয়ে যেত না। তাই রাশিয়া চেষ্টা করবে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করছে, দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করছে – তাদের দিয়েই ভবিষ্যৎ এলিট শ্রেণী গড়ে তুলতে হবে। তবে সেটা একদিনে হবে না।
এবার আসা যাক ট্রিনিটি সামিটের কথায়। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর অনেকেই আশা করেছিল এবার হয়ত পৃথিবীর বুকে শান্তি নামবে। বাস্তবে সেটা হয়নি। তারপরেও ট্রাম্প – পুতিন – সি-র আলোচনা বিভিন্ন প্রশ্নের জন্ম দেবে, অনেকের মনে আশা জোগাবে। আলোচনার মূল বিষয় ছিল – স্ট্র্যাটেজিক স্ট্যাবিলিটি, আন্তর্জাতিক নিরাপত্তা, পারমাণবিক নিরস্ত্রীকরণ, অর্থনৈতিক সহযোগিতা ও আঞ্চলিক দ্বন্দ্ব নিয়ন্ত্রণ। সামিট শেষে যৌথ ঘোষণায় তিন নেতা কৌশলগত স্থিতিশীলতা, পারমাণবিক যুদ্ধের রিস্ক কমানো, আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা ও জাতি সংঘের পুনর্গঠনের ব্যাপারে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করে। ঘোষণার মূল ধারণা হল যুদ্ধের সম্ভাবনা কমানো ও আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে তিন দেশ একযোগে কাজ করবে। তিন নেতা পারমানিবিক যুদ্ধের রিস্ক কমানোর, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করার, জ্বালানি ও তেল সরবরাহ স্থিতিশীল করার বিষয়ে একমত হন। তিন নেতাই দৃঢ় ভাবে জানান যে পারমাণবিক যুদ্ধে কেউ জয়ী হতে পারবে না, তাই সেই যুদ্ধ শুরু করা উচিৎ নয়। তিন দেশ পারমাণবিক যুদ্ধের রিস্ক কমানোর জন্য ও পারমানবিক অস্ত্রের বিস্তার রোধে আলোচনা চালিয়ে যাবে। তবে ডিক্লিয়ারেশন এক কথা আর সেটা বাস্তবায়ন করা আরেক কথা। আর বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে দুর্বল লিঙ্ক হচ্ছেন ট্রাম্প। সি বা পুতিনের পক্ষে যত সহজে দেশের মানুষ বা পার্লামেন্টকে কনভিন্স করা সম্ভব, ট্রাম্পের পক্ষে ঠিক ততটাই কঠিন। সবচেয়ে বড় বাধা আসবে আমেরিকার এস্টাব্লিশমেন্ট ও বন্ধু রাষ্ট্র সমূহের পক্ষ থেকে। আর ইউক্রেন যুদ্ধের বিষয়ে তেমন কোন অগ্রগতি হয়েছে বলে মনে হয় না। সামিট শেষে প্রেস কনফারেন্সে পুতিন ক্রিমিয়া সেতু আক্রমণ সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি জানান ক্রিমিয়ার সেতু দিয়ে কোন রকম সামরিক সরঞ্জাম তো দূরের কথা এমনকি তেল বা অন্য কোন জ্বালানিও আনা নেয়া করা হয় না। এই সেতু একান্তই বেসামরিক কাজে ব্যবহৃত হয়। তবে রাশিয়া এই আক্রমণ নীরবে সহ্য করবে না। রাশিয়া এমন এক বাফার জোন তৈরি করবে যাতে ইউক্রেন আর ক্রিমিয়া সেতু আক্রমণ করতে না পারে। হেরসন ও জাপারোঝিয়া ক্রিমিয়াকে রক্ষা করছে। পুতিন সরাসরি না বললেও অনেকের মতে তিনি এর মধ্য দিয়ে নিকোলায়েভ ও ওদেসা দখলের ইঙ্গিত দিয়েছেন। তবে একমাত্র ভবিষ্যতই বলবে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন।
গবেষক, জয়েন্ট ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার রিসার্চ
শিক্ষক, রাশিয়ান পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি, মস্কো