কাঠামোগত ঝুঁকিতে প্যাসিফিক জিন্সের কারখানা বন্ধ, চাকরি হারাচ্ছেন ৫ হাজার শ্রমিক
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) প্যাসিফিক জিন্স লিমিটেডের ৩৪ বছর পুরোনো ইউনিট-১ কারখানা ভবন কাঠামোগত নিরাপত্তা ঝুঁকির কারণে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রায় পাঁচ হাজার শ্রমিকের চাকরির অবসান হচ্ছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, রেডি মেইড গার্মেন্টস সাসটেইনেবিলিটি কাউন্সিলের (আরএসসি) বিশেষ নিরীক্ষা ও প্রকৌশল মূল্যায়নে ভবনটিতে সম্ভাব্য কাঠামোগত বিপর্যয়ের ঝুঁকি চিহ্নিত হওয়ায় উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ অনুযায়ী গত ৩১ অক্টোবর থেকে পর্যায়ক্রমে শ্রমিকদের চাকরি অবসান ও পাওনা পরিশোধ শুরু হয়েছে। বেপজা ও শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, প্রথম দিনে ৫০৯ জন শ্রমিকের পাওনা পরিশোধ করা হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে সবার পাওনা পরিশোধের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
প্যাসিফিক জিন্সের অন্যান্য ইউনিট ও গ্রুপের কারখানাগুলো চালু রয়েছে। পুরোনো ভবন ভেঙে একই স্থানে অত্যাধুনিক নতুন কারখানা নির্মাণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। সেখানে ১০ হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে বলে দাবি করা হয়েছে। নতুন কারখানায় বর্তমান শ্রমিকদের পুনর্নিয়োগে অগ্রাধিকার দেওয়ার আশ্বাসও দিয়েছে কর্তৃপক্ষ।
তবে নতুন কারখানা নির্মাণের সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি। ফলে চাকরি হারানো প্রায় পাঁচ হাজার শ্রমিকের ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।