ফেনীতে মাদ্রাসা থেকে পালাতে গিয়ে পাঁচতলার কার্নিশে আটকা ১২ বছরের ছাত্রী, উদ্ধার ফায়ার সার্ভিসের
ফেনী শহরের একটি আবাসিক মহিলা মাদ্রাসার ছয়তলা ভবনের পাঁচতলার সরু কার্নিশে আটকা পড়া ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শনিবার বেলা দুইটার দিকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ছাত্রী ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। পুলিশ, ফায়ার সার্ভিস ও মাদ্রাসা সূত্র জানায়, ওই ছাত্রী মাদ্রাসায় পড়তে অনিচ্ছুক ছিল। সম্প্রতি সে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতেও চলে গিয়েছিল। পরে আজ সকালে তার বড় ভাই তাকে আবার মাদ্রাসায় রেখে যান।
এর কিছুক্ষণ পর ওই ছাত্রীকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে মাদ্রাসার পাঁচতলার একটি জানালার সরু কার্নিশে তাকে বসে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ছাদ থেকে নিচে নামার সময় সে কার্নিশে আটকা পড়ে।
বিষয়টি জানাজানি হওয়ার পর মাদ্রাসা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে পুলিশকেও জানানো হয়। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মামুন মিয়া বলেন, কার্নিশে আটকে থাকা অবস্থায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে কাজ করে ছাত্রীটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
মাদ্রাসার মুহতামিম জানান, প্রায় ছয় মাস আগে ওই ছাত্রীকে মাদ্রাসায় ভর্তি করা হয়। শুরু থেকেই তার মাদ্রাসায় পড়াশোনার প্রতি অনীহা ছিল। এ কারণে কয়েকবার সে বাড়িতে চলে যায়। আজ তাকে আবার মাদ্রাসায় দিয়ে যাওয়ার পর পালানোর চেষ্টা করলে পাঁচতলার কার্নিশে আটকা পড়ে।
ঘটনার পরপরই ছাত্রীর পরিবারকে বিষয়টি জানানো হয়। পরে ফেনী মডেল থানার পুলিশের উপস্থিতিতে তাকে স্বজনদের হাতে তুলে দেওয়া হয়।
ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন বলেন, এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি। তবে শিক্ষার্থীদের প্রতি আরও যত্নবান হওয়ার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

