আগামীকাল থেকে শুরু এসএসসি পরীক্ষা ২০২৬, থাকছে ১৪টি বিশেষ নির্দেশনা
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। দেশব্যাপী অনুষ্ঠিতব্য এ পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। প্রকাশিত রুটিন অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে এবং বাংলা প্রথম পত্র দিয়ে এবারের পরীক্ষা শুরু হচ্ছে।
পরীক্ষা শেষে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৮ জুনের মধ্যে ব্যবহারিক নম্বরফর্দ, উত্তরপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র নির্ধারিত নিয়মে জমা দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
এদিকে যানজট ও জনদুর্ভোগ কমাতে গত ১৮ এপ্রিল পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত আগের নিয়ম বহাল থাকবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য ১৪টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। নির্দেশনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে; প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল/রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে, মাঝখানে কোনো বিরতি থাকবে না; উত্তরপত্রের ওএমআর ফরম যথাযথভাবে পূরণ করতে হবে এবং তা ভাঁজ করা যাবে না।
এছাড়া পরীক্ষার্থীদের প্রবেশপত্র পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে সংগ্রহ করতে হবে এবং শুধুমাত্র নিবন্ধিত বিষয়েই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। প্রতিটি বিষয়ে পৃথকভাবে পাস করাও বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবে না। পরীক্ষার্থীরা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এবং ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে বলেও জানানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, সব নির্দেশনা মেনে চললে এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে।
