চলমান সংবাদ

বুয়েটের তৈরি ব্যাটারিচালিত রিকশা পরীক্ষামূলকভাবে পল্টন, ধানমন্ডি ও উত্তরায় চালু হচ্ছে

বুয়েটের তৈরি নতুন ব্যাটারিচালিত রিকশা পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে রাজধানীর পল্টন, ধানমন্ডি ও উত্তরা এলাকায়। চালকরা নির্দিষ্ট প্রশিক্ষণ শেষে লাইসেন্স গ্রহণ করে অনুমোদিত এই রিকশাগুলো নির্ধারিত সড়কে চালাতে পারবেন।

শনিবার (২৮ জুন) গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে রিকশাচালকদের প্রশিক্ষণ দিতে প্রশিক্ষক (মাস্টার ট্রেইনার) তৈরির কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পর্যায়ে ২০০ প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দিয়ে ৩০০ জন মাস্টার ট্রেইনার তৈরি করা হবে। প্রশিক্ষক হিসেবে যাঁদের বাছাই করা হয়েছে, তাঁদের অধিকাংশই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “আগে রিকশাচালকদের ঘুষ, হয়রানি ও অবৈধতার জুজুতে নিপীড়ন করা হতো। এখন এই রিকশাচালকেরাই নির্ধারিত সড়কে স্বাভাবিকভাবে চলাচলের অধিকার পাবেন। তাঁদের আর কেউ হয়রানি করতে পারবে না।”

তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানে রিকশাচালকেরা যেভাবে সহযোদ্ধা হয়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন, সেটা আমাদের ইতিহাসের অংশ। তাঁদের নাগরিক অধিকার নিশ্চিত করতেই এ উদ্যোগ।”

ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ধাপে ধাপে অনুমোদনহীন রিকশা সরিয়ে নেওয়া হবে। কোনো ধরনের জবরদস্তি করা হবে না। অনুমোদিত রিকশা চালুর মাধ্যমে প্রাকৃতিকভাবেই অননুমোদিত রিকশাগুলোর চলাচল কমে যাবে।

তিনি জানান, অনুমোদিত রিকশাগুলোর দাম হবে দুই লাখ টাকার কম এবং সেগুলোর জন্য নির্ধারিত চার্জিং পয়েন্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে এসব রিকশা বাজারে ছাড়ার প্রস্তুতি চলছে।

প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ বলেন, “দেশজুড়ে অগণিত ব্যাটারিচালিত রিকশা চলছে কোনো মানদণ্ড ছাড়াই। এর ফলে দুর্ঘটনা বাড়ছে। প্রশিক্ষণপ্রাপ্ত চালক ও অনুমোদিত যানবাহনের মাধ্যমে এই ঝুঁকি কমবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া, বুয়েটের প্রতিনিধিরা ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের রোড সেফটি প্রোগ্রাম। এই পর্যায়ে প্রশিক্ষণে ব্যয় ধরা হয়েছে ৫৩ লাখ ৮০ হাজার টাকা।