চার বছর পর চাকরিতে পুনর্বহাল হলেন দুদকের আলোচিত কর্মকর্তা শরীফ উদ্দীন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরি থেকে অপসারণের প্রায় চার বছর পর পুনর্বহাল হলেন আলোচিত উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দীন। গত মঙ্গলবার দুদক চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দীনকে চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার করা হয়েছে। বিধি অনুযায়ী তিনি জ্যেষ্ঠতা, বকেয়া বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। প্রজ্ঞাপন জারির দিন থেকেই এ আদেশ কার্যকর হবে। খবর বিডিনিউজের।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীতে কর্মরত থাকা অবস্থায় ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক কর্মচারী চাকরি বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধি প্রয়োগ করে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়। এর বিরুদ্ধে ওই বছরের ২৭ ফেব্রুয়ারি কমিশনে আবেদন করলেও তা বিবেচনা করা হয়নি। পরে অপসারণের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দীন।

২০২৫ সালের ৯ জুলাই হাইকোর্ট তার পক্ষে রায় দেন। আদালত অপসারণের আদেশ বাতিল করে রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে চাকরিতে পুনর্বহাল এবং জ্যেষ্ঠতাসহ প্রাপ্য সব সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ দেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছিল দুদক। তবে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর কমিশনের সভায় আবেদনটি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। পরে ১৫ অক্টোবর আপিল বিভাগে শুনানির সময় দুদকের পক্ষ থেকে আবেদনটি আর পরিচালনা করা হয়নি। ফলে আদালত আবেদনটি খারিজ করে দেন।

এরপর ২৫ অক্টোবর আদালতের রায়ের ভিত্তিতে চাকরিতে পুনর্বহালের আবেদন করেন শরীফ উদ্দীন। গত ৫ নভেম্বর দুদক কমিশনের সভায় তার আবেদন ও আদালতের রায় পর্যালোচনা করে অপসারণের আদেশ প্রত্যাহার এবং তাকে চাকরিতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই এবার আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হলো।

যেসব অনুসন্ধানে আলোচনায় এসেছিলেন শরীফ

দুদকের চট্টগ্রাম কার্যালয়ে প্রায় সাড়ে তিন বছর দায়িত্ব পালনকালে একাধিক আলোচিত দুর্নীতির অনুসন্ধান করে পরিচিতি পান শরীফ উদ্দীন। এর মধ্যে ছিল রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র প্রদান ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, কক্সবাজারে ভূমি অধিগ্রহণে দুর্নীতি এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অনিয়মের অভিযোগ।

২০২১ সালের জুনে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ঘটনায় নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুদকের করা মামলার বাদী ছিলেন তিনি। রোহিঙ্গাদের জাতীয়তা সনদ দেওয়ার ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও মামলা করেন। এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়েও অনুসন্ধান শুরু করেছিলেন।

চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলির আট মাসের মাথায় চাকরি হারান তিনি। দুদকের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, একই কর্মস্থলে তিন বছরের বেশি সময় দায়িত্ব পালন করায় নিয়মিত বদলির অংশ হিসেবে তাকে পটুয়াখালীতে পাঠানো হয়েছিল।

চাকরিচ্যুতির আগে ২০২২ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রামের খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন শরীফ উদ্দীন। সেখানে পেট্রোবাংলার এক কর্মকর্তার বিরুদ্ধে বাসায় গিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনেন তিনি। এর ১৬ দিন পর তাকে চাকরি থেকে অপসারণ করা হয়।

তখন শরীফ উদ্দীন অভিযোগ করেছিলেন, কক্সবাজারে ভূমি অধিগ্রহণে দুর্নীতি এবং কর্ণফুলী গ্যাসের অনিয়ম অনুসন্ধান করতে গিয়ে প্রভাবশালী মহলের বিরাগভাজন হয়েছিলেন তিনি। এসব অনুসন্ধানের কারণেই তাকে চাকরি হারাতে হয়েছে বলে দাবি করেছিলেন এই দুদক কর্মকর্তা।

দীর্ঘ আইনি লড়াই ও আদালতের রায়ের পর অবশেষে চাকরিতে ফিরলেন আলোচিত এই কর্মকর্তা।