শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী
দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ছয়টি ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, হাসপাতালগুলো ‘শ্রমিক হাসপাতাল’ হিসেবে পরিচিত হবে এবং সেখানে কেবল শ্রমিক ভাই-বোনেরাই চিকিৎসাসেবা পাবেন।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করছে। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও সরকারের এ উদ্যোগের অংশ।
দেশের স্বাস্থ্যব্যবস্থার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, পূর্ববর্তী স্বৈরাচারী শাসনামলে পরিকল্পিতভাবে স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করা হয়েছিল। বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্য অবকাঠামো ভেঙে পড়েছিল। ফলে মানুষ চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, ওই সময়ে দেশের জ্বালানি খাতকে বিদেশি উৎসের ওপর নির্ভরশীল করে তোলা হয়েছিল এবং দেশের খনিজ সম্পদ জনগণের কল্যাণে যথাযথভাবে ব্যবহার করা হয়নি। ফলে বিভিন্ন ক্ষেত্রে আমদানিনির্ভরতা বেড়েছে।
সংসদের আগের অধিবেশনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতাও তখন দেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়। খবর: বাসস।