২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর, বিলম্ব ফি ছাড়া চলবে ২৩ নভেম্বর পর্যন্ত
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার অনলাইনে ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১৬ নভেম্বর থেকে ফরম পূরণ শুরু হয়ে ২৩ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া চলবে। ফরম পূরণ নিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।
জিপিএ উন্নয়নের সুযোগ
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশ নিয়ে উত্তীর্ণ হলেও জিপিএ-৫-এর কম পাওয়া শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে ২০২৭ সালের পরীক্ষায় জিপিএ উন্নয়নের সুযোগ পাবে। এ ক্ষেত্রে তাদের সব বিষয়ে ২০২৬ সালের পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে হবে। জিপিএ উন্নয়ন হলে নতুন ফলাফল গ্রহণ করা হবে; অন্যথায় আগের জিপিএ বহাল থাকবে। ফরম পূরণের সঙ্গে আগের পরীক্ষার প্রবেশপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
বহিষ্কৃত পরীক্ষার্থীদের সুযোগ
যেসব পরীক্ষার্থীর বহিষ্কারের শাস্তির মেয়াদ শেষ হয়েছে এবং রেজিস্ট্রেশনের মেয়াদ রয়েছে, তারা ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবে। তাদের সব বিষয়ে পরীক্ষা দিতে হবে।
চতুর্থ বিষয়ের সুবিধা
২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিবন্ধিত যেসব শিক্ষার্থী ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি, তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৭ সালে চতুর্থ বিষয়সহ সব বিষয়ে পরীক্ষা দিতে পারবে।
এ ছাড়া, ওই দুই শিক্ষাবর্ষের যেসব পরীক্ষার্থী ২০২৫ ও ২০২৬ সালের পরীক্ষায় সব বিষয়ে অংশ নিয়ে চতুর্থ বিষয়ে উত্তীর্ণ হয়েছে এবং এক থেকে চার বিষয়ে অকৃতকার্য হয়েছে, তারা ২০২৭ সালে অকৃতকার্য বিষয়গুলোতে উত্তীর্ণ হলে চতুর্থ বিষয়ের সুবিধা পাবে।
কোন সিলেবাসে পরীক্ষা হবে
নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হবে। অন্যদিকে, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের পরীক্ষা হবে ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী।
শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়ে এনসিটিবির নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক মূল্যায়নের নম্বর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্রের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে।
নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক
জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী এবং আগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের ছাড়া অন্য সব শিক্ষার্থীর জন্য নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।
অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা
২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিবন্ধিত যেসব শিক্ষার্থী ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি, তারা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৭ সালের পরীক্ষায় অংশ নিতে পারবে। তাদের কোনোভাবেই নিয়মিত পরীক্ষার্থী হিসেবে গণ্য করা যাবে না।
২০২৬ সালের পরীক্ষায় সব বিষয়ে অংশ নিয়ে চতুর্থ বিষয় বাদে এক থেকে চার বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে অকৃতকার্য বিষয়গুলোতে পরীক্ষা দিতে পারবে। চাইলে তারা সব বিষয়েও পরীক্ষা দিতে পারবে।
২০২৫ সালের পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে এক থেকে তিন বিষয়ে অকৃতকার্য যেসব শিক্ষার্থী ২০২৬ সালের পরীক্ষায় অংশ নেয়নি অথবা অংশ নিয়েও পুনরায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে, তারাও রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে ২০২৭ সালে অকৃতকার্য বিষয়গুলোতে অথবা সব বিষয়ে পরীক্ষা দিতে পারবে। তবে আংশিক বিষয়ে পরীক্ষা দিলে চতুর্থ বিষয়ে অংশ নেওয়া যাবে না।
এ ছাড়া, ২০২২-২৩ শিক্ষাবর্ষে নিবন্ধিত যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়েছে, কিন্তু চতুর্থ বিষয় বাদে এখনো একটি বিষয়ে অকৃতকার্য রয়েছে, তারা বিশেষ বিবেচনায় এক বছরের জন্য রেজিস্ট্রেশন নবায়ন করে ২০২৭ সালের পরীক্ষায় অংশ নিতে পারবে।
এ ক্ষেত্রে আগে উত্তীর্ণ বিষয়গুলোর জিপি সংরক্ষিত থাকবে। ২০২৭ সালের পরীক্ষায় অংশ নেওয়া বিষয়গুলোর জিপির সঙ্গে সংরক্ষিত জিপি যোগ করে চূড়ান্ত জিপিএ নির্ধারণ করা হবে। রেজিস্ট্রেশন নবায়নের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে ফরম পূরণের আগে মূল রেজিস্ট্রেশন কার্ড বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে জমা দিয়ে নবায়নকৃত কার্ড সংগ্রহ করতে হবে।
শিক্ষার্থীদের ফরম পূরণের আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে প্রযোজ্য নির্দেশনা ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।