নারী আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান

চট্টগ্রাম প্রতিনিধি:
‘বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাংগঠনিক মাস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে নারীর অধিকার ও মানবাধিকার বিষয়ে বিভিন্ন পেশার নারী-পুরুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ সেপ্টেম্বর, বুধবার বিকেল ৪টায় চট্টগ্রামের জিইসি এলাকায় আয়োজিত এ সভায় নারীর অধিকার প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা, নারী নির্যাতন প্রতিরোধ এবং নারী আন্দোলনকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, নারীর অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অন্যতম শর্ত। নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও বঞ্চনা দূর করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্র, নাগরিক সমাজ, পেশাজীবী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে নারীদের আইনগত অধিকার সম্পর্কে সচেতন করে তাদের অধিকার আদায়ের আন্দোলনে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, পরিবর্তিত সামাজিক বাস্তবতায় নারী আন্দোলনকে আরও কার্যকর ও গতিশীল করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ বাড়াতে হবে। বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি তরুণ প্রজন্মকে নারী অধিকার ও মানবাধিকার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।

বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যাপক লতিফা কবিরের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যক্ষ জনার্দন বণিক ও অ্যাডভোকেট জহির উদ্দিন মাহমুদ।

সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিতারা শামীম। সভা সঞ্চালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক স্বাতী পাল।

মতবিনিময় সভায় বিভিন্ন পেশার নারী-পুরুষ অংশ নিয়ে নারীর অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং নারী আন্দোলনকে এগিয়ে নিতে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। সভায় সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষার আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।