চাকরিতে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম প্রতিনিধি:
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা–কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদ এবং চাকরিতে পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা–কর্মচারীরা।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং নতুন ব্রিজ থেকে ক্রসিং পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

বিক্ষোভকারীরা দাবি করেন, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন। এ ছাড়া আরও চার থেকে পাঁচ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। চাকরিচ্যুতদের পুনর্বহাল, ওএসডি প্রত্যাহার এবং শর্তসাপেক্ষে অ্যাসেসমেন্ট টেস্ট নেওয়া বন্ধের দাবি জানান তারা।

তাদের অভিযোগ, সোমবার সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা–কর্মচারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর সদস্যরা হামলা চালান। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তিরও দাবি জানান আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘ দুই ঘণ্টা অবরোধের পর চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেন। পরে পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে রাত ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, চাকরিচ্যুত কর্মকর্তারা সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল কিছুটা ব্যাহত হয়েছিল। পুলিশ তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। এ সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।