চলমান সংবাদ

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: হরমুজ, পারমাণবিক ইস্যু ও নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রাধান্যে

পাকিস্তানের রাজধানীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান গুরুত্বপূর্ণ আলোচনায় একাধিক কৌশলগত ও স্পর্শকাতর বিষয় প্রাধান্য পেয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, পাকিস্তানের মধ্যস্থতায় শনিবার সকাল থেকে শুরু হওয়া এই নিবিড় আলোচনা এখনো বিরতিহীনভাবে চলছে। আলোচনার সময় দুই পক্ষের মধ্যে অসংখ্য বার্তা ও খসড়া নথি আদান-প্রদান হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ইসমাইল বাগাই বলেন, গত ২৪ ঘণ্টায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালি-সংক্রান্ত নিরাপত্তা ও চলাচল, পারমাণবিক কর্মসূচি, চলমান সংঘাতের ক্ষতিপূরণ, আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরান ও পুরো অঞ্চলে যুদ্ধের সম্পূর্ণ অবসান।

তিনি আরও বলেন, এই কূটনৈতিক প্রক্রিয়ার সফলতা অনেকটাই নির্ভর করছে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা ও সদিচ্ছার ওপর। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত ও বেআইনি দাবি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে সম্মান জানানোই আলোচনার অগ্রগতির জন্য অপরিহার্য বলেও মন্তব্য করেন বাগাই।

বিশ্লেষকদের মতে, এই আলোচনা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক নিরাপত্তার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।