চলমান সংবাদ

যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েলকে ‘কালোতালিকাভুক্ত’, গুতেরেসের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা

সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতার দায়ে ইসরায়েলকে ‘কালোতালিকাভুক্ত’ করেছে জাতিসংঘ। এর প্রতিবাদে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস–এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইসরায়েল।

গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, “এই মহাসচিবের সঙ্গে আমাদের সম্পর্ক শেষ।” সংঘাতকালীন যৌন সহিংসতা নিয়ে জাতিসংঘ মহাসচিবের প্রকাশিতব্য বার্ষিক প্রতিবেদনের তীব্র সমালোচনা করেন তিনি।

সাধারণত জাতিসংঘের এ ধরনের প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট দেশগুলোকে তা দেখানো হয়। গত বছরের আগস্টে প্রকাশিত এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছিল যে, ইসরায়েলকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে।

ড্যানি ড্যানন অভিযোগ করেন, ইসরায়েলকে কালোতালিকাভুক্ত করা এবং তাদের বিরুদ্ধে যৌন সহিংসতাকে “যুদ্ধাস্ত্র” হিসেবে ব্যবহারের অভিযোগ আনা একটি “জঘন্য সিদ্ধান্ত”। তিনি আরও বলেন, মহাসচিব ও তাঁর দপ্তর ইসরায়েলের বিরুদ্ধে “মিথ্যা প্রচার” চালাচ্ছে এবং ইসরায়েল ও হামাসকে একই তালিকায় রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জাতিসংঘে ইসরায়েলি মিশন এক বিবৃতিতে জানিয়েছে, আন্তোনিও গুতেরেস যতদিন সংস্থাটির প্রধান থাকবেন, ততদিন তাঁর দপ্তরের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখা হবে না।

এদিকে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই প্রতিবেদনের তীব্র সমালোচনা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন এক্সে দেওয়া পোস্টে জাতিসংঘকে “রাজনৈতিক ও দুর্নীতিগ্রস্ত” সংস্থা হিসেবে আখ্যা দেন। তিনি দাবি করেন, সংস্থাটি তার মূল আদর্শ থেকে বিচ্যুত হয়েছে এবং এখন ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানানোই তাদের প্রধান কাজ।

অন্যদিকে, গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, ড্যানি ড্যাননের বক্তব্য তাঁদের নজরে এসেছে। তবে তিনি বলেন, “মহাসচিবের পক্ষ থেকে আলোচনার দরজা সব সময় খোলা থাকবে।”

নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতাবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত রিম আলসালেম বলেছেন, অনেক আগেই ইসরায়েলকে এই কালোতালিকায় অন্তর্ভুক্ত করা উচিত ছিল। এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুদের বিরুদ্ধে ইসরায়েলের চালানো পরিকল্পিত ও ভয়াবহ যৌন সহিংসতার তথ্য বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে। এত প্রমাণ থাকার পরও আগে কেন ইসরায়েলকে তালিকাভুক্ত করা হয়নি, তা নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।