পেকুয়া রাজাখালীতে যুব অরিয়েন্টেশন ও মকভোটিং কর্মসূচি সম্পন্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৬
একটি সত্যিকারের গণতান্ত্রিক প্রক্রিয়া গড়ে তুলতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জরুরি—এমন মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, যুবসমাজই আগামীর জাতির কর্ণধার। তরুণরা যদি ভোটাধিকার প্রয়োগসহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ না নেয়, তাহলে গণতন্ত্র টেকসই হবে না।
এই লক্ষ্য সামনে রেখে ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইএফইএস-এর সহযোগিতায় আইএসডিই বাংলাদেশ-এর উদ্যোগে পেকুয়া উপজেলার উপকূলীয় রাজাখালী ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় “ভোটার এডুকেশন: যুব অরিয়েন্টেশন ও মকভোটিং” কর্মসূচি।
রাজাখালী ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফইএস-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রোমানা আমিন অর্চি। বিশেষ অতিথি ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই’র নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন এবং আইএফইএস-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কানিজ ফাতেমা।
আলোচনায় অংশ নেন কলেজের প্রভাষক মঈন উদ্দিন, প্রভাষক মো. নুরুল আমিন, আইএসডিই’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম, মনিটরিং ও লার্নিং অফিসার সুমপম বডুয়া, কর্মসূচি কর্মকর্তা মো. কামাল উদ্দিন, শহিদুল ইসলাম, জালাল উদ্দিনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, যুবসমাজই একটি দেশের গণতন্ত্রের মূল শক্তি। সচেতন ও দায়িত্বশীল ভোটার তৈরি করা গেলে একটি অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। তারা গণভোট ও ভোটাধিকার বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন, যাতে কোনো নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়।
কর্মসূচিতে প্রথমবার ভোটারদের দায়িত্ব, ভোটদান প্রক্রিয়া, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব এবং নির্বাচনকালীন ভ্রান্ত তথ্য (মিস ইনফরমেশন) থেকে সচেতন থাকার বিষয়গুলো আলোচনা করা হয়। পাশাপাশি মকভোটিং প্রদর্শনের মাধ্যমে অংশগ্রহণকারীদের বাস্তব ভোট প্রদানের প্রক্রিয়া হাতে-কলমে অনুশীলনের সুযোগ দেওয়া হয়। এতে নতুন ও তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয় এবং ভোটদানে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ভোটার এডুকেশন সংক্রান্ত লিফলেট ও তথ্যবহুল উপকরণ বিতরণ করা হয়। যুব অরিয়েন্টেশন ও মকভোটিং কর্মসূচিতে কলেজের ৭০ জনের বেশি শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন।
উদ্যোক্তারা জানান, ভবিষ্যতেও দেশের দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকায় যুবসমাজ ও সাধারণ জনগণের মাঝে গণতান্ত্রিক চর্চা জোরদার ও ভোটার সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।
