চলমান সংবাদ

জাহাজভাঙা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে আজ সকাল ১১টায় জাহাজভাঙা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মানিক মণ্ডল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জামাল উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত। বিশেষ অতিথি ও অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন টিইউসি কেন্দ্রীয় সদস্য ফজলুল কবির মিন্টু, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, হোটেল সেন্ট মার্টিন কর্মচারী ইউনিয়নের সভাপতি মিজানুর রহমানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে তপন দত্ত বলেন, শীত মৌসুমে শ্রমজীবী মানুষের কষ্ট সবচেয়ে বেশি বেড়ে যায়। বিশেষ করে জাহাজভাঙা শ্রমিকরা ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন, তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র এবং মালিকপক্ষের নৈতিক দায়িত্ব। শ্রম সংস্কার কমিশন শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শুধু কম্বল বিতরণ নয়, শ্রমিকদের জন্য দীর্ঘমেয়াদি কল্যাণমূলক পরিকল্পনা গ্রহণ করতে হবে।

অন্যান্য বক্তারা বলেন, জাহাজভাঙা শিল্প দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখলেও এই খাতের শ্রমিকরা এখনো ন্যূনতম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তারা নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি, চিকিৎসা সুবিধা ও দুর্ঘটনায় ক্ষতিপূরণের দাবি জানান। বক্তারা বলেন, শীতবস্ত্র বিতরণ একটি মানবিক উদ্যোগ, তবে এর পাশাপাশি শ্রমিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।

আলোচনা সভা শেষে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়।