কালুরঘাট সেতুতে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ২
চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপর পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকার দুমড়ে মুচড়ে গেছে। এতে শিশুসহ দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এর মধ্যে নিহত ১ জনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন উত্তর গোমদন্ডী ২নং ওয়ার্ড বাংলা পাড়ার মুহাম্মদ আবুল মনসুরের একমাত্র ছেলে মুহাম্মদ তুষার।
আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে: আসিফ উদ্দিন বাপ্পি, আসমা আহমেদ ও আঞ্জু আরা। আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় আরও কয়েকটি মোটরসাইকেল ট্রেনের নিচে চাপা পড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এনসিপি নেতা ও রেড ক্রিসেন্ট সদস্যরা। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে একটি ভিডিও ফুটেজে দেখা গেলেও, তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করতে পারেননি কোনো দায়িত্বশীল ব্যক্তি।
কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম জানান, রাত পৌনে ১১টার দিকে তারা খবর পেয়ে দুটি ইউনিট ও একটি অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) নুরুল আলম আশেক জানান, গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালের ক্যাজুয়ালটি ইউনিটে ভর্তি করা হয়েছে।


