চলমান সংবাদ

বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন, ধোঁয়ায় অসুস্থ হাইকমিশনার দম্পতি


রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টা ৫৬ মিনিটে বাসভবনের টিভি রুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, টেলিভিশনে বৈদ্যুতিক গোলযোগ বা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে টিভি রুমের কিছু আসবাবপত্র পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ ঘটনায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও তাঁর স্ত্রী নাইমা ইমরান অতিরিক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরে সকাল ৯টার দিকে তাঁদের গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আগুনের তুলনায় ধোঁয়ার পরিমাণ বেশি ছিল। পুরো ভবন পরীক্ষা করে বিশেষ যন্ত্রের মাধ্যমে ধোঁয়া বের করে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।