চলমান সংবাদ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আয়োজিত অনুষ্ঠানে হট্টগোল, বেরিয়ে গেল এনসিপি

জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে প্রদর্শিত তথ্যচিত্রে জুলাই আন্দোলনের ধারাবাহিকতা, ৯ দফা ও এক দফার ঘোষণা যথাযথভাবে তুলে ধরা হয়নি—এ অভিযোগ তুলে প্রতিবাদ জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একপর্যায়ে বাগ্‌বিতণ্ডা শুরু হলে এনসিপির নেতারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তবে হট্টগোলের মধ্যে কূটনীতিদেরও অনুষ্ঠানস্থল ছাড়তে দেখা যায়।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেন, তথ্যচিত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এক দফা আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো স্থান পায়নি। পরে তিনি দলের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠান বর্জন করেন।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেন, জাতীয় অনুষ্ঠানে বিদেশি অতিথিদের সামনে এমন পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের প্রতীক শহীদ আবু সাঈদের ছবিও তথ্যচিত্রে অনুপস্থিত ছিল।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকে কোনোভাবেই দলীয়করণ করা যাবে না।