কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি, পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
নয়াদিল্লি: ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার পর সরকারের আশ্বাসের ভিত্তিতে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র সৌরভ দাস এ ঘোষণা দেন।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছিল আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি। এছাড়া তাদের আরও দুটি দাবি ছিল, যেগুলো বিবেচনায় নিতে কেন্দ্রীয় সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সিজেপির পক্ষ থেকে বলা হয়, আন্দোলনকারীদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে সরকার ইতিবাচক অবস্থান নিয়েছে। সরকারের এই আশ্বাসের প্রতি আস্থা রেখেই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেন, আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে না। পাশাপাশি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের পরিমাণ শিগগিরই নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।
এদিকে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক চিঠিতে ধর্মেন্দ্র প্রধান বলেন, গত ১০ দিনের ঘটনাপ্রবাহে তিনি গভীরভাবে মর্মাহত। দেশের ঐক্য ও বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম প্রতিক্রিয়ায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) লিখেছে, “তেলাপোকা জিতেছে, গণতন্ত্র জিতেছে।”

