দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তায় এককালীন ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান দেবে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা এ অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩১ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ট্রাস্টের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
যেভাবে আবেদন করবেন
অনলাইনে আবেদন করার সময় দুর্ঘটনার প্রমাণ হিসেবে জেলা সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রত্যয়নকৃত ‘গুরুতর আহত’ চিকিৎসা সনদ, প্রয়োজনীয় চিকিৎসা-সংক্রান্ত রিপোর্ট এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র আপলোড করতে হবে।
অনুদানের অর্থ কবে পাওয়া যাবে
আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীদের আবেদন জমা দেওয়ার প্রায় তিন থেকে চার মাসের মধ্যে তাদের ব্যাংক হিসাবে অনুদানের অর্থ পাঠানো হবে। পাশাপাশি নির্বাচিত আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
আবেদনের প্রধান শর্ত
বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্ঘটনা ও হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা সর্বোচ্চ এক বছরের মধ্যে হতে হবে। চিকিৎসাকালীন একজন শিক্ষার্থী মাত্র একবার এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
শিক্ষার্থীকে পূর্ববর্তী শ্রেণিতে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর অর্জন করতে হবে। এছাড়া এসএসসি ও এইচএসসি (বা সমমান) পরীক্ষায় জিপিএ ৫-এর মধ্যে ন্যূনতম ৩.৫০ এবং স্নাতক পর্যায়ে জিপিএ ৪-এর মধ্যে কমপক্ষে ৩.০০ থাকতে হবে।
সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিভাবকের বার্ষিক আয় দুই লাখ টাকার কম হতে হবে। তবে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সন্তানরা অফিসপ্রধানের প্রত্যয়নপত্র দাখিল করে আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, জন্মনিবন্ধন সনদ, মা-বাবার জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থীর ছবি, স্বাক্ষর এবং শিক্ষার্থী বা তার মা-বাবার সচল অনলাইন ব্যাংক হিসাবের তথ্য জমা দিতে হবে। ব্যাংক হিসাবের প্রমাণ হিসেবে চেকের পাতা বা ব্যাংক স্টেটমেন্ট আপলোড করা বাধ্যতামূলক।
ট্রাস্ট জানিয়েছে, শিক্ষার্থী অথবা তাঁর মা-বাবার নিজস্ব অনলাইন ব্যাংক হিসাব ব্যবহার করতে হবে। মা-বাবা না থাকলে বৈধ অভিভাবকের ব্যাংক হিসাব গ্রহণযোগ্য হবে। ভুল বা অসম্পূর্ণ ব্যাংক হিসাবের কারণে অনুদানের অর্থ ফেরত গেলে তা পুনরায় পাঠানো হবে না।
এছাড়া আবেদনকালে নির্ধারিত তালিকায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নাম না থাকলে, প্রতিষ্ঠানপ্রধানকে ইআইআইএন নম্বর উল্লেখ করে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ডাকযোগে অথবা ad.stipend@pmeat.gov.bd ই-মেইলে আবেদন পাঠাতে হবে।
