চলমান সংবাদ

১১৫ দিন হরমুজ প্রণালিতে অবরুদ্ধ থাকার পর দেশে ফিরছেন বাংলার জয়যাত্রার ১৬ নাবিক

দীর্ঘ ১১৫ দিন হরমুজ প্রণালিতে অবরুদ্ধ থাকার পর নিরাপদে দায়িত্ব শেষ করে দেশে ফিরছেন রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা–এর ১৬ জন নাবিক। আজ মঙ্গলবার বিকেল ৫টা ২৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

জাহাজটির চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান জানান, দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে ১৭ জন নাবিক জাহাজ থেকে ‘সাইন অফ’ করেছেন। তবে তিনি নিজে দেশে ফিরছেন না। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর সেখান থেকে বাংলাদেশে ফিরবেন। ফলে ক্যাপ্টেন শফিকুল ইসলামসহ ১৬ জন নাবিক সোমবার দক্ষিণ আফ্রিকার ডারবানের কিং শাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেন এবং মঙ্গলবার সেখান থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

দীর্ঘ অবরুদ্ধতা কাটিয়ে গত ২৬ জুন সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে বাংলার জয়যাত্রা। জাহাজের অবস্থান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ১৬ জুলাই জাহাজটি ডারবান বন্দরে পৌঁছায়।

জাহাজটিতে ৩৭ হাজার ৫০০ টন সার বহন করা হচ্ছিল, যা এপ্রিলের প্রথম সপ্তাহে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে বোঝাই করা হয়েছিল। বর্তমানে ডারবান বন্দরে সেই সার খালাস করা হচ্ছে। চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান জানান, সার খালাস শেষে জাহাজে চিনি বোঝাই করা হবে। এরপর দায়িত্বে থাকা অন্য নাবিকরা জাহাজটি মালয়েশিয়ার উদ্দেশে নিয়ে যাবেন।

বাংলার জয়যাত্রা টানা ১১৫ দিন হরমুজ প্রণালিতে আটকে ছিল। গত ২৩ জুন বাংলাদেশ সময় রাত ৩টার দিকে জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করে এবং একই দিন সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে নোঙর করে। বিএসসি মালিকানাধীন জাহাজটি সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠানের অধীনে ভাড়ায় পরিচালিত হচ্ছে। জাহাজটিতে মোট ৩১ জন বাংলাদেশি নাবিক কর্মরত ছিলেন।

গত ২৭ ফেব্রুয়ারি জাহাজটি দুবাইয়ের জেবেল আলী বন্দরে পৌঁছানোর পরদিনই ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হয়। এর ফলে হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে। তিনবার চেষ্টা করেও প্রণালি অতিক্রম করতে পারেনি বাংলার জয়যাত্রা। অবশেষে ২২ জুন সকালে শারজাহ বন্দরের বহির্নোঙর এলাকা থেকে যাত্রা শুরু করে পরদিন সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করে জাহাজটি।

পড়ুন:  ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত, কূটনীতির সুযোগ নেই: কামাল খারাজি

দীর্ঘ চার মাসের অনিশ্চয়তা, যুদ্ধের আশঙ্কা এবং পরিবার থেকে বিচ্ছিন্ন জীবন কাটানোর পর দেশে ফিরতে পারছেন ১৬ নাবিক। তাদের নিরাপদ প্রত্যাবর্তনে পরিবার-পরিজন ও সহকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।