কর্ণফুলীতে রডবোঝাই ট্রাক বিলে উল্টে তিন শ্রমিক গুরুতর আহত

কর্ণফুলী প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিলে উল্টে পড়লে রডের নিচে চাপা পড়ে তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পিএবি সড়কের বড়উঠান ডাকপাড়া এলাকার শরাফত এন্ড ব্রাদার্স পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন বাঁশখালী উপজেলার আক্তার হোসেন (৪২), হামিরচর এলাকার রাসেল (৩৫) এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার বাহাদুর (৩৮)।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে চট্টগ্রাম শহর থেকে প্রায় ৮ টন রড বোঝাই করে কেএসআরএমের চট্টমেট্রো-ট ১১-৫০৪৬ নম্বরের একটি ট্রাক আনোয়ারার দিকে যাচ্ছিল। বড়উঠান ডাকপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটির ব্রেক বিকল হয়ে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে ট্রাকটি সড়ক থেকে ছিটকে পাশের বিলে উল্টে পড়ে।
দুর্ঘটনার সময় চালক ও হেলপার লাফিয়ে ট্রাক থেকে বের হতে সক্ষম হলেও ট্রাকে থাকা তিন শ্রমিক রডের নিচে চাপা পড়েন। খবর পেয়ে কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের উদ্ধার অভিযান চালিয়ে তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে।
পরে আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইসমাইল হোসেন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দল ঘটনাস্থলে পৌঁছে রডের নিচে চাপা পড়া তিন শ্রমিককে উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রাক সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।”
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার উদ্দিন বলেন, দুর্ঘটনার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, যানবাহনে ধারণক্ষমতার বাইরে অতিরিক্ত মালামাল বহনের প্রবণতা এবং যথাযথ যান্ত্রিক তদারকির অভাবের কারণে এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা ভারী পণ্যবাহী যানবাহনের ওজন নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ এবং নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।
