চলমান সংবাদ

এনসিটি-সিসিটি ইজারা প্রক্রিয়ার প্রতিবাদে ৩০ জুন কালো পতাকা মিছিল করবে স্কপ

চট্টগ্রাম, ২৬ জুন: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে আগামী ৩০ জুন কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), চট্টগ্রাম।

শুক্রবার বিকাল ৪টায় এনায়েত বাজারস্থ স্কপ কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সভাপতিত্বে এবং স্কপের যুগ্ম আহ্বায়ক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক নুরুল আবসার ভূঁইয়া, বিএফটিইউসির রিজওয়ানুর রহমান খান, ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, টিইউসির কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহেদ উদ্দিন শাহিন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা হেলাল উদ্দিন কবির এবং জাতীয় শ্রমিক ফেডারেশনের নেতা মো. মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের, বিশেষ করে দুবাইভিত্তিক বৈশ্বিক বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার লক্ষ্যে সরকারের তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে। তারা দাবি করেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) কাঠামোর আওতায় এনসিটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ প্রক্রিয়ায় সহায়তা প্রদানের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ১২ সদস্যের একটি সাপোর্ট টিমও গঠন করেছে।

নেতৃবৃন্দ আরও বলেন, চলতি মাসের শুরুতে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একই দিনে জারি করা দুটি পৃথক চিঠিতে পরস্পরবিরোধী নির্দেশনা দেওয়া হয়েছে। একটি চিঠিতে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চলমান প্রক্রিয়া দ্রুত সম্পন্ন অথবা বাতিল করার কথা বলা হলেও অন্য চিঠিতে আলোচনার প্রক্রিয়া অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সরকারের অবস্থান সরকার নিজেও নির্ধারন করতে পারছেনা বলে তারা মন্তব্য করেন।

পড়ুন:  চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন

বক্তারা বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ চট্টগ্রাম বন্দরের দুটি গুরুত্বপূর্ণ টার্মিনাল জনগনের উদ্বেগ এবং মতামতকে উপেক্ষা করে ইজারা দেওয়ার উদ্যোগ জাতীয় স্বার্থের পরিপন্থী হবে। তারা এ উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ইজারা প্রক্রিয়া বন্ধ করার দাবি জানান।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৩০ জুন সকাল ১০টায় আগ্রাবাদের বাদামতলী মোড়স্থ আক্তারুজ্জামান সেন্টারের সামনে থেকে বন্দর অভিমুখে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য করা হবে।